ম্যাকগ্রার পরিবর্তে অসি দলে আসছেন লুইস
ভিক্টোরিয়ার ফাষ্ট বোলার মাইক লুইসের আবারো ডাক পড়েছে অষ্ট্রেলিয়া দলে। ভিবি সিরিজে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ফাইনাল সিরিজে খেলার জন্য তিনি অসি দলে ম্যাকগ্রার স্থলাভিসিক্ত হবেন।
ম্যাকগ্রার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ায় গ্লেন ম্যাকগ্রা দল থেকে সরে গেলে ১৪ দলের সদস্যে অর্ন্তভুক্ত করা হয়েছে ৩১ বছর বয়স্ক লুইসকে।
অষ্টেলিয়া দলের বাছাই কমিটির প্রধান ট্রেভর হনস এক বিবৃতিতে বলেন, ম্যাকগ্রার এই কঠিন সময়ে তাকে আরো সময় দেবার বিষয়ে বাছাই কমিটি গত সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, লুইস চমৎকার বোলার। গত বছরের নিউজিল্যান্ড সফরের সময় আমরা দেখেছি, ইনিংসের শেষের দিকে সে বেশ ভালো করেছে।
ভিবি সিরিজে অষ্ট্রেলিয়া ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। আজ মঙ্গলবারের শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলার বিজয়ী দলের সাথে তিন ম্যাচের ফাইনাল খেলবে অষ্ট্রেলিয়া। শুক্রবার এডিলেডে প্রথম ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার সিডনীতে।
প্রথম দুই ম্যাচে কোন দলের বিজয় নিশ্চিত না হলে বৃহস্পতিবার তারা পূণরায় ব্রিসবেনে তৃতীয় ফাইনালে পরস্পরের বিরুদ্ধে লড়বে।
রিকি পয়েন্টিং নেতৃত্বে অস্ট্রেলিয়া দলে এডাম গিলক্রিষ্ট, নাথান ব্রাকেন, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ব্রেট ডরে, ব্রাড হোগ, জেমস হোপস, মাইক হাসে, সাইমন কেচ, ব্রেট লী, মাইকেল লুইস, ডেমিয়েন মার্টিন এবং এন্ডু সাইমন খেলবেন।
