২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে গেল শচীনের সেঞ্চুরি, প্রথম ওয়ানডে সাত রানে জিতে নিল পাকিস্তান

দুর্ভাগ্য ভারতের, দুর্ভাগ্য শচীনের। ভারতের চাইতে শচীনের ভাগ্যটা বেশি খারাপ বলতেই হয়। কারণ তার ৩৯ তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে পাহাড়সম টার্গেট ছুঁড়ে দিয়েও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সাত রানে হেরে গেছে রাহুল দ্রাবিড়ের দল। তবে এই পরাজয়ে ভারত কিংবা শচীন কারও কিছুই করার ছিলনা। আসল খেলটা দেখিয়েছে আলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পেশোয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ভারতের ৩২৮ রানের জবাবে আলোর স্বল্পতার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩০৫ রানের টার্গেট বেঁধে দেওয়া হয়। পাকিস্তান বেঁধে দেওয়া ওভারে ৩১১ রান তুলে নাটকীয় এক জয় ছিনিয়ে নেয়।  

সমালোচনার জবাবটা যদি হয় দাঁতভাঙ্গা, তাহলে কেমন হয়? হ্যাঁ পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের ৩৯ তম সেঞ্চুরির মধ্য দিয়ে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার পাশাপাশি তাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

পুরো টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্সের জন্য সমালোচকদের কেউ কেউ এক কাঠি বাড়িয়ে শচীনকে ক্রিকেটই ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সংবাদপত্রে টেন্ডুলকারের পরিবর্তে ‘এন্ডুলকার’ও লেখা হয়। কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি সেটা আবারও প্রমাণ করলেন তার অসাধারণ ব্যাটিং দ্যুতি ছড়িয়ে।

স্যাঁতস্যাঁতে আবাহওয়ার সুবিধে নিতে টস জিতে ভারতীয়দের ব্যাটিংয়ে ঠেলে দেন পাকিস্তানের অধিনায়ক ইনজামাম। টেস্ট সিরিজে অখ্যাত থেকে রাতারাতি বিখ্যাত বনে যাওয়া শেখুপুরার পেসার মোহাম্মদ আসিফ দলীয় পাঁচ  রানে বীরেন্দ্র শেওয়াগকে কটবিহাইন্ড করে ফিরিয়ে দিয়ে অধিনায়ককে সফলতাও এনে দিয়েছিলেন। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। 

টেন্ডুলকার শুরুতে আসিফের মাপা বোলিংয়ের সামনে কিছুটা আড়ষ্ট থাকলেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে পথ চলার সঙ্গী হিসেবে পেয়েছেন ফাস্ট বোলার ইরফান পাঠানকে। দু’জনে মিলে এই জুটিতে মূল্যবান ৯৪ রান তুলে দলকে অনেকটাই নিরাপদ স্থানে নিয়ে যান। পাঠান ৬৫ বলে ১২টি বাউন্ডারি আর একটি ছক্কায় ৬৫ রান করে রানা নাভেদের শিকারে পরিণত হন।

ইরফানের আউটের পর তৃতীয় উইকেট জুটিতে আরেকটি বড় পার্টনারশিপ গড়েন শচীন এবং মহেন্দ্র সিং ধোনী। ইরফানের মত ধোনীও ছিলেন বিধ্বংসী। দুই ব্যাটসম্যান ১২৬টি রান যোগ করেন স্কোর বোর্ডে। দলীয় ২২৫ রানে ধোনী আসিফের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৫৩ বলে ১১টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল ভারতীয় উইকেটরক্ষকের ইনিংসটি।

অন্যপ্রান্তে বেশ দ্রুততার সাথেই সেঞ্চুরিতে পৌঁছে যান শচীন। দলের ৩০৫ রানে শচীন যখন স্পিনার আরশাদ খানের বলে এলবিডব্লিউ’র শিকার হন, তখন তার নামের পাশে লেখা ছিল ঠিক ১০০ রান। ১১৩ বল খরচায় দশটি বাউন্ডারি এবং একটি ছক্কায় ৩৯ তম ওয়ানডে সেঞ্চুরিটি করেন লিটল মাস্টার।

মাঝে অবশ্য যুবরাজ সিং (৩৯) স্বল্পসংগ্রহে ফিরে যান। তবে শচীনের আউটের পর আর কোন ভারতীয় ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র ৪৩ রানের মধ্যে শেষ ছয়টি উইকেট হারায় ভারত। ৩২৮ রানের পাহাড়ে উঠে থামে ভারতীয় ইনিংসের চাকা।     

শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের তোপের মুখে পড়লেও শেষাবধি ৬২ রানে চার উইকেট নিয়ে সফল বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন রানা নাভেদ। তবে রান খরচের দিক থেকে হিসেবি বোলিং করেছেন টেস্টে ভারতীয় শিবিরে আতঙ্ক ছড়ানো পেসার মোহাম্মদ আসিফ। নয় দশমিক চার ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ৩০, আর উইকেট নিয়েছেন তিনটি। 

পাকিস্তানের জবাবটা ছিল দুর্দান্ত। সিরিজে এখন পর্যন্ত সফল সালমান বাট এবং কামরান আকমলকে নিয়ে গড়া পাকিস্তানের উদ্বোধনী জুটি ৫০ রান তুলে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। টার্গেট যেখানে পাহাড়সম সেখানে শুধু ৫০ রানের পার্টনারশিপই যে যথেষ্ট নয় সেটা ভালোই বোঝেন সালমান। কামরান ২৫ রান করে শ্রীশান্থের বলে আউট হয়ে গেলে একপ্রান্ত আগলে খেলে গেছেন সালমান, করেছেন সেঞ্চুরি, দলকে দেখিয়েছেন জয়ের স্বপ্ন।

দ্বিতীয় উইকেট জুটিতে শোয়েব মালিক আর সালমান দু’জনে মিলে দেড়শতাধিক রান যোগ করে দলকে নিয়ে যান নিরাপদ স্থানে। কিছুদিন আগে পিতাকে হারানোর শোকটা মনে হয় ভালোভাবেই কাটিয়ে উঠেছেন শোয়েব। কারণ ৯০ রান করতে তিনি যেভাবে ভারতীয় বোলারদের শাসন করেছেন তাতে অন্তত আর যাই থাকুক শোকের কোন চিহ্ন ছিলনা। ৬৭ বলে নয়টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি থেকে দশ রান দুরে থাকতে জহির খানের বলে দ্রাবিড়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মালিক।

এর পর আর কোন ব্যাটসম্যানই বড় স্কোর করতে না পারলেও সবাই কম বেশি রানের মধ্যে থাকায় এক অর্থে পাকিস্তানের জয়টা এসেছে দলীয় শক্তিতে ভর করে। মজার ব্যাপার হলো, পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান কিন্তু কামরান আকমলের ওই ২৫ রানই।

শচীনও সেঞ্চুরি করেছেন, কিন্তু দলের জয়ে সালমানের সেঞ্চুরিটি বেশি ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা তিনিই পেয়েছেন।