আন্তঃকলেজ হ্যান্ডবলের শিরোপা জিতল মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ
এক্সিম ব্যাংক আন্তঃকলেজ (পুরুষ) হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে সোমবার ফাইনালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ ২৬ - ৮ গোলে ইম্পিরিয়াল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দল প্রথমার্ধে ১৫ - ৪ গোলে এগিয়ে ছিল। দলের পক্ষে আশিকুর আট, সাইদউদ্দিন ছয় এবং আরিফ পাঁচ গোল করেন।
ইম্পিরিয়াল কলেজের লিয়াকত চার গোল করেন। লিয়াকত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
স্থান নির্ধারনী খেলায় সরকারি বাংলা কলেজ ২৩ - ১০ গোলে স্কলাস্টিকাকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।
খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লিয়াকত উল্লাহ। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবং এক্সিম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
