২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থে, সম্মানে কোথায় দাঁড়িয়ে দেশের ফুটবল রেফারিরা

জাতীয় ফুটবল লিগে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের সেমি ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। টেলিভিশন সেটের সামনে বসে আছে দশ বছরের মোবিনার রহমান। ম্যাচে তিন রেফারির একজন তার পিতা মাহবুবুর রহমান।

আনিসুর রহমান আনিসুর রহমান

আবু সুফিয়ান ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

খেলা শেষ হওয়ার এক মিনিট বাকি। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলো মোবিনার। মা টেলিভিশনের সামনে থেকে উঠে অন্য রুমে গিয়েছিলেন। ছেলের কান্না শুনে দৌঁড়ে এলেন। টেলিভিশনের পর্দায় দেখলেন তার স্বামীর ওপর বুনো কায়দায় ঝাপিয়ে পড়ছে এক সুঠামদেহী লোক। কখনও ঘুসি আবার কখনও লাথি মারছে। কয়েকজন বাঁচানোর চেষ্টা করছেন। তবে তাদের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ দেখেও মনে হচ্ছে আক্রমণকারীকে ভয় পাচ্ছেন তারা।

বঙ্গবন্ধু ১ নম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহামেডান - ব্রাদার্স ইউনিয়নের খেলার ওই দৃশ্য সেদিন লাখ লাখ ফুটবলপ্রেমী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বদৌলতে সরাসরি দেখেছিলেন।

খেলায় কালক্ষেপণের অভিযোগে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সচিব সাব্বির আহমেদ আরিফ পুলিশের উপস্থিতিতেই সহকারি রেফারি মাহবুবুর রহমানের ওপর এ হামলা চালায়। নির্বিচারে মারতে থাকে কিল - ঘুষি - লাথি।

গাজীপুরের একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মোবিনার পিতাকে এমনভাবে মারতে দেখে মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলো। কোন শিশুই বা পছন্দ করবে তার পিতাকে কেউ এমনভাবে মারছে দেখলে?

মাহবুবুর রহমান প্রশ্ন করলেন এই প্রতিবেদককে।

মাহবুবুর রহমান বললেন, ‘হাসপাতালের বেড থেকে আমি টেলিফোনে আমার স্ত্রীকে বলেছি ফুটবল খেলায় এমন হয়। চিন্তা করো না। কিন্তু ছেলে মোবিনারকে আমি কিছুই বলতে বা বুঝাতে পারিনি।’

সম্প্রতি জাতীয় ক্রীড়া কাউন্সিলে ফুটবল রেফারিদের জাতীয় বার্ষিক সভায় অংশ নিতে এসেছিলেন মাহবুবুর রহমান। ঠিকাদারি তার মূল পেশা।

ক্রীড়া পরিষদের করিডোরে সভার বিরতিতে কিছুক্ষণ কথা হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ রেফারিজ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম নেসার বললেন, ‘সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেছেন রেফারিজ কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম।’

তবে মনিরুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, অনেক সময় সাংবাদিকরা নেগেটিভ লিখে ফেলে। তাই বলেছি, সাংবাদিকদের সাথে কথা বলার সময় আমার (মনিরুল) অনুমতি নিতে।

বাংলাদেশের পেশাদার রেফারি প্রথা, রেফারিদের সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বললেন মাহবুবুর রহমান।

ওই খেলায় মাহবুবুর রহমানের ওপর অন্যায়ভাবে হামলার দায়ে হামলাকারী ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তার শাস্তি হয়েছে। তাকে পাঁচ বছরের জন্যে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্লাব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তবু আতঙ্কে আছেন মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমানের সাথে কথা বলার সময় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অন্য একজন রেফারি এই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ওরা খুবই প্রভাবশালী। হয়তো এই নিষেধাজ্ঞা কমিয়ে ফেলা হবে বা প্রত্যাহার করা হবে।’

তিনি আরও বলেন, আমাদের কোনও সামাজিক অবস্থান নেই। তাদের মন মতো খেলা পরিচালনা না করলে প্রায় সময়ই তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। বিভিন্ন ধরণের হুমকি - ধামকি দেয়।

তিনি বলেন, ‘আর সেমি - ফাইনালের দিন তো দেখলেন কিভাবে মাহবুবুর এর ওপর বুনো কায়দায় ঝাপিয়ে পড়ে তাকে লাথি, ঘুসি মেরেছে। লাখ লাখ লোক এ দৃশ্য দেখেছে টিভিতে। মাহবুবের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে ।’

এ ব্যাপারে সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিলরুবা শারমীন বিডিনিউজকে বলেন, এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করতে শুধুমাত্র বহিস্কার বা জরিমানাই যথেষ্ট নয়।

দিলরুবা জানান, ‘যেহেতু এটা শারীরিক আক্রমণ, তাই আক্রমণকারীর বিরুদ্ধে ফৌজদারী বিধিতে শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এধরণের বর্বরোচিত কাজ কমানো সম্ভব’।

বাংলাদেশে ফুটবল খেলায় একজন তারকা খেলোয়াড়দের ১০ লাখ টাকা পাওয়ার নজির রয়েছে। কিন্তু খেলা পরিচালনাকারীরা পান নামমাত্র সম্মানি।

মাহবুবুর রহমান বললেন, ‘যেহেতু এখনও বাংলাদেশে পেশাদার রেফারি প্রথা চালু হয়নি, তাই সব রেফারিই অন্য কোনো পেশার সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন।’

‘রেফারি হিসেবে কত পান?’ এ প্রশ্নে যেনো একটু লজ্জা পেলেন মাহবুবুর রহমান।

বললেন, ‘নামমাত্র সম্মানি পাই।’

মাহবুবুর রহমান বললেন, প্যানেল রেফারি হিসেবে বিদেশে গেলে এশিয়ারই অন্য দেশের রেফারিরা যখন প্রশ্ন করেন, আপনাদের দেশের ফুটবলে কত টাকা সম্মানি পান তখন বেশ বিব্রত হই।

‘সম্মানির ক্ষেত্রে তাদের সাথে আমাদের আকাশ পাতাল পার্থক্য,’ জানালেন মাহবুবুর।

তিনি বলেন, ‘ফুটবলের সাথে আমার আত্মার সম্পর্ক। তাই দীর্ঘ সময় ধরে রেফারি হিসেবে ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। ঠিকাদারিই আমার মুল পেশা। রেফারি হিসেবে কাজ করলে বরং আমার অর্থ ও সময় এর ক্ষতি হয়। কিন্তু ফুটবল যে আমার আত্মার সাথে মিশে আছে। তাই এতো কিছুর পরও ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি।’

রেফারিজ কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, রেফারিদের পাঁচটি ক্যাটাগরিতে সম্মানি প্রদান করা হয়। গ্রেড ৩, গ্রেড ২, গ্রেড ১, ন্যাশনাল এবং ফিফা।

এসব ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মানি ১০০০ টাকা এবং সর্বনিম্ন ৫০০ টাকা।