২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ এশিয়ান আরচ্যারী প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হচ্ছে

প্রথমবারের মত বাংলাদেশ আরচ্যারী অ্যাসোসিয়েশনের (বিএএ) ব্যবস্থাপনায় এবং মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সাভারের বিকেএসপিতে বুধবার থেকে শুরু হচ্ছে সাউথ এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপ। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই বিকেএসপিতে থেকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সরাসির সম্প্রচার করবে।

সোমবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আরচ্যারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গাজী গোলাম দস্তগীর, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) ফরিদুল আকবর, মেজর (অবঃ) কামরুল ইসলাম এবং বাংলালিংকের পরিচালক আলতাফ এইচ ফাকিহ্ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

অংশগ্রহনকারী প্রতিটি দেশের আটজন করে মোট ৪০ জন খেলোয়াড় টুর্নামেন্টের চারটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইভেন্টগুলো হচ্ছে- রি-কার্ভ বো, ফিটা (এফআইটিএ) রাউন্ড, অলিম্পিক এবং দলীয় ইভেন্ট।

সংবাদ সম্মেলনে রাজীবউদ্দিন জানান, শ্রীলঙ্কা দল ইতমধ্যে ঢাকা অবস্থান করছে এবং ভুটান দলের সোমবার রাতে ঢাকা পৌঁছার কথা রয়েছে। টুর্নামেন্টের অন্য দুই দল- ভারত এবং নেপাল আসবে মঙ্গলবার।

রাজীব বলেন, শ্রীলঙ্কায় আসন্ন এসএ গেমসের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যে খরচে আরচ্যারী দলকে বিদেশে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো যেত, নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজনে একই খরচ হচ্ছে।

তিনি বলেন, আরচ্যারীর প্রসারের স্বার্থেই দলকে সঠিকভাবে প্রস্তুত করতে চাই। ভারতকে টুর্নামেন্টের শক্তিশালী দল হিসেবে মনে করেন কাজী রাজীব। এছাড়া ভুটানও বেশ ভালো দল বলে জানান তিনি।

টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ৩২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক বাংলালিংক দিচ্ছে অর্ধেক অর্থাৎ ১৬ লাখ টাকা। বাকি অর্থ জাতীয় ক্রীড়া পরিষদ এবং অন্যান্য উৎস থেকে সংগৃহিত হবে।

বাংলাদেশ স্কোয়াড:

পুরুষ দল: নূর-ই-আলম, সানোয়ার হোসেন, রুবেল হোসেন এবং সৈয়দ তানভীর রায়হান।

মহিলা দল: নাসরিন খানম হ্যাপী, অমি চাকমা, রীনা চাকমা এবং খাদিজা মুস্তারি মাহিন।