২০০৫ আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার পেলেন ইনজামাম, সানিয়া, আনন্দ
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং গ্রান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার ২০০৫ দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হককে ২০০৫ সাল জুড়ে দুর্দান্ত ব্যাটিং করার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সম্প্রতি ইনজামাম ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে চমৎকারভাবে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জয় করেন। এ সময় তিনি টেস্ট ম্যাচে গড়ে ৯৪ রান এবং ওয়ান ডে ম্যাচে গড়ে ৫০ রান করেন।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেনকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।
চেন্নাই বংশোদ্ভুত নাসের হোসেন পুরস্কার গ্রহণের পর বলেন, “ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের পুরস্কার গ্রহণ করতে আসা অবশ্যই রোমাঞ্চকর।”
২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসে মাত্র ১৭ বছর বয়সে সিলভার পদকজয়ী বক্সার আমির খানকেও ২০০৫ ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার দেওয়া হয়েছে।
আমির ২০০৫ সালে পেশাদার বক্সিং খেলা শুরু করেন। গত বছর তিনি চারবার বক্সিং রিংয়ে নামেন এবং চারবারই জয় তুলে নিয়ে ওয়ার্ল্ড বক্সিং শিরোপা জয়ের পথে চলতে থাকেন।
