২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে জাতীয় দলের ক্রিকেটাররা

দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো খেলতেই হবে। ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ। লঙ্কানদের বিরুদ্ধে ভালো খেলাটা এখন সময়ের দাবি। মিরপুর ইনডোর স্টেডিয়ামে রোববার থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনে কোচ ডেভ হোয়াটমোরের মুখ নিঃসৃত কথাতে ভালো খেলার জন্য মরিয়া ভাবটাই প্রকটভাবে ফুটে উঠলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

‘নিজেদের চেনা পরিবেশে খেলা, গতবছর (২০০৫) শ্রীলঙ্কায় যা খেলেছি তার চাইতে আরও ভালো খেলতে চাই’ প্রথম দিনের অনুশীলনে এমনটাই ছিল হোয়াটমোরের প্রথম কথা।

২০ জন ক্রিকেটারকে নিয়ে রোববার থেকে মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের প্রাথমিক অনুশীলন শিবির। অসুস্থতার জন্য প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি উইকেটরক্ষক খালেদ মাসুদ। নবনির্মিত ইনডোরে স্টেডিয়ামে ৬ এবং ৭ ফেব্রুয়ারি চলবে দলের নেট প্র্যাকটিস। ১৩ ফেব্রুয়ার বগুড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে হোয়াটমোর বাহিনী।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন সিরিজ হিসেবে দেখছেন কোচ ডেভ। এক বছর বাদেই বিশ্বকাপের আসর, আর বাংলাদেশ দলের থিংক ট্যাংকের মাথায় বিশ্বকাপের চিন্তাটা আগে থেকেই রয়েছে। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড গড়ে নিতেই এত গুরুত্ব পেয়েছে শ্রীলঙ্কার সফর।

কোচ ডেভ জানান, এবার ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহন ছিল উল্লেখ করার মত, এদের মধ্যে কেউ ভালো খেলতে পারতো আবার অনেকে আশাতীত ভালো খেলা প্রদর্শন করেছে, কেমন খেলেছে সেটা বড় কথা নয়, মূল বিষয়টি হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ক্রিকেটাররা ক্রিকেটের সাথেই ছিল। আর্ন্তজাতিক ম্যাচের অনুপস্থিতিতে বেশি পরিমানে ঘরোয়া ক্রিকেটে খেলা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

অধিনায়ক মারভান আতাপাত্তু, মুত্তিয়া মুরলিধরন এবং চামিন্দা ভাসের মত ক্রিকেটারদের দলের বাইরে রেখেই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা, সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের সংবাদের প্রতিক্রিয়ায় হোয়াটমোর জানান, কাগজে কলমে তারা (শ্রীলঙ্কা) দুর্বল হতে পারে, তাদের বোলিংও অনভিজ্ঞ হতে পারে, সেটা একান্তই তাদের ব্যাপার। আমরা সবধরনের প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলতে প্রস্তুত।

এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কি জানতে চাইলে কোচ জানান, ২০০৫ সালে বাংলাদেশ যেভাবে খেলেছে লক্ষ্য থাকবে তার চাইতে আরও ভালো খেলা, নিজেদের আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়া। তাছাড়া জয়ের জন্য প্রতিটা ম্যাচে আরও প্রতিদ্ব›িদ্বতা গড়ে তোলা দরকার বলে তিনি মনে করেন।

সাড়ে চার মাস আর্ন্তজাতিক ম্যাচের বাইরে থাকার বিষয়টি সিরিজে বাংলাদেশের উপর তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার। অধিনায়কের মতে একেবারে নিষ্ক্রিয় না থেকে ক্রিকেটাররা অন্তত ঘরোয়া ক্রিকেটে নিজেদের ব্যস্ত রাখতে পেরেছে। 

বাশার জানান, জয়ের ধারা থেকে খুব বেশি দুরে নয় বাংলাদেশ, জয়ের জন্য এখন ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলগতভাবেও লড়াই করতে হবে।

সংবাদপত্রে যেধরনের খবর পরিবেশিত হয়েছে, তাতে তারকা ক্রিকেটারদের ছাড়া শ্রীলঙ্কা দল কিছুটা দুর্বল হতে পারে বলে মনে করেন বাশার। কিন্তু এতে বাংলাদেশ কোন সুবিধা পাবেনা, প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠের পারফরম্যান্সকেই গুরুত্ব দিলেন অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ফিজিও হিসেবে স্থানীয় ফিজিওলজিষ্ট ডঃ সালাহউদ্দিন কাওসারকে নিয়োগ দিয়েছে। দলের নতুন ফিজিওর ব্যাপারে অধিনায়ক জানান, দলের জন্য এটা অবশ্যই ভালো উদ্যোগ, কারণ মাঠের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত অনেক সমস্যা থাকে।

দলের সাথে কয়েকদিন অনুশীলনের পর সদ্য ইনজুরি থেকে সেরে ওঠা পেসার মাশরাফি বিন মুর্তজা ৮ ফেব্রুয়ারি ইস্পাহানী জাতীয় লিগের একটি ওয়ানডে ম্যাচে নিজেকে ঝালাই করে নেবেন। তাছাড়া আরেক পেসার তাপস বৈশ্য ৯ ফেব্রুয়ারি থেকে চারদিনের ম্যাচে খেলার সুযোগ পাবেন। 

অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে কোন প্র্যাকটিস ম্যাচ খেলার অনুমতি পাননি ব্যাটসম্যান আফতাব আহমেদ। তবে দলের ফিজিও পল ক্লোজ আশা করছেন অনুশীলনেই সুস্থ হয়ে উঠবেন চট্টলার এই তরুণ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৭ ফেব্রুয়ারি ঢাকা আসবে শ্রীলঙ্কা।