২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিবি সিরিজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৫৭ রানের জয়

দক্ষিণ আফ্রিকাকে পাহাড়সম রানে পিষ্ট করে ভিবি সিরিজের ১১তম ম্যাচ ৫৭ রানে জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিডনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, অধিনায়ক রিকি পন্টিং এবং মিডল অর্ডারে ডেমিয়েন মার্টিনের তিনটি হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ছয় উইকেটে ৩৪৪ রান করে।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে স্বাগতিকদের মত ছয় উইকেট হারালেও ২৮৭ রানের বেশি তুলতে পারেনি।

অ্যাডাম গিলক্রিস্ট ৬৬ বলে ১৪টি চারে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৬৫ রানে প্রথম উইকেটের পতনের পর গিলক্রিস্ট এবং অধিনায়ক রিকি পন্টিং দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন। পন্টিং ৬১ বলে আটটি চারের সহায়তায় ৭২ রান করে বোথার বলে গিবসের হাতে ক্যাচ দেন।

মিডল অর্ডারে ডেমিয়েন মার্টিন ৭৫ বলে পাঁচটি চারের মারে ৭৯ রান করে ইনিংসের শেষ ওভারের শেষ বলে রানআউটের শিকার হন। এছাড়া মাইক হাসি ৪৭ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যানই মোটামুটি রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন উইকেট রক্ষক মার্ক বাউচার। ৮৩ বলে তিনটি চার এবং দু’টি ছক্কার সাহায্যে এই রান করে সাইমন্ডসের বলে হপস’র হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বাউচার। হার্শেল গিবস করেন ৪৬ রান। এছাড়া জ্যাক রুডলফ ৩১ এবং ভ্যান ডার ওয়াথ ৩৭ রানে অপরাজিত থাকেন।   

৮৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট।