প্রিমিয়ার ক্রিকেটের শেষ ম্যাচে মোহামেডানকে শোচনীয়ভাবে হারালো ব্রাদার্স
চ্যাম্পিয়ন আর রানার্স আপ আগেই নির্ধারণ হয়ে যাওয়ায় শনিবার একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দু’টি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতায় পরিনত হয়েছিল।
অনুষ্ঠানিকতার একটি ম্যাচে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অন্যদিকে পরাজয় দিয়ে লিগ অভিযান শেষ করলো রানার্স আপ সোনারগাঁও ক্রিকেটার্স। টানা আট ম্যাচ পর শেষ ম্যাচে বিমানের বিরুদ্ধে সাত উইকেটে হার মানে সোনারগাঁও ক্রিকেটার্স।
লিগ শেষে ১৬ ম্যাচে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস’র পয়েন্ট ২৮ আর রানার্স আপ সোনারগাঁওয়ের পয়েন্ট ২২। তৃতীয় স্থানে থাকা মোহামেডান, ভিক্টোরিয়া এবং বিমানের সংগ্রহ ১৮ পয়েন্ট। ষষ্ঠ স্থানে থাকা ব্রাদার্সের সংগ্রহ ১৬ পয়েন্ট।
ব্রাদার্স বনাম মোহামেডান
প্রথম ব্যাট করে মোহামেডান ১৮ দশমিক চার ওভারে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায়। ব্রাদার্সের আসলাম খান এবং কাজী রুবায়েত সাত উইকেট তুলে নিয়ে মোহামেডানের ব্যাটিংলাইন গুড়িয়ে দেন।
আসলাম ৩৭ রানে ছয় উইকেট দখল করেন। রুবায়েত ২২ রান খরচায় লাভ করেন তিন উইকেট। মোহামেডানের মনিরুল সর্বোচ্চ ১৭ রান করেন। এছাড়া মনিরুজ্জামান ১২ রান করেন। দলের নয়জন ব্যাটসম্যান দুই অংকের রানের কোটাই পার হতে পারেননি।
জবাবে ব্রাদার্স ইউনিয়ন ১০ দশমিক দুই ওভারে এক উইকেট হারিয়ে ৬৩ রান করে সহজ জয় তুলে নেয়। ওপেনার রাশেদুল ৩৮ রানে অপরাজিত থাকেন।
বিমান বনাম সোনারগাঁও
প্রথম ব্যাট করতে নেমে সোনারগাঁও ক্রিকেটার্স ১৯৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সাজ্জাদ কাদির সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া আশরাফুল ২৪, রফিকুল ইসলাম ২২ এবং সেলিম ২২ রান করেন।
বিমানের আনিসুর রহমান চার, এসকে রাসেল, মোহাম্মদ শরীফ দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে জাভেদ ওমরের ব্যাটে ভর করে জয় তুলে নেয় বিমান। জাভেদ ১২৩ বলে ১১টি বাউন্ডারি এবং একটি ছক্কার মাধ্যমে ৮৫ রান করেন। এছাড়া পাকিস্তানি আশরাফ আলী ৬৫ রানে অপরাজিত থাকেন।
বিমান ৪২ দশমিক তিন ওভারে তিন উইকেট খুইয়ে ১৯৫ রান করে জয় তুলে নেয়।
