জুনিয়র টাইগারদের বিশ্বকাপ অভিযান রোববার থেকে শুরু হচ্ছে
প্রথমবারের মত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে রোববার থেকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট অভিযানে নামছে বাংলাদেশের আগামীদিনের ক্রিকেটাররা।
কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে রোববার প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে আরও তিনটি ম্যাচ। টুর্নামেন্টের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছে।
টুর্নামেন্টের বর্তমান প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ গত সাত মাসের মধ্যে ভারতে আফ্রো এশিয়ান কাপ, ঘরের মাঠে তিনজাতি টুর্নামেন্টে খেলে নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাইপারফরম্যান্স স্কোয়াডের ব্যানারেও দুর্দান্ত খেলেছে তরুণ ক্রিকেটাররা।
শ্রীলঙ্কায় প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে তিন রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
বাংলাদেশ ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ৯ ফেব্রুয়ারি উগান্ডার বিরুদ্ধে খেলবে।
