২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পাঁচটি ভেন্যু পরিদর্শন করলেন এএফসি’র ইভেন্ট ম্যানেজার

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ইভেন্ট ম্যানেজার সাইফুদ্দিন বিন আবু বকর শনিবার ঢাকার পাঁচটি ভেন্যু পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আগামী ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের বি এবং সি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে নেপালে অনুষ্ঠিতব্য এ ও ডি গ্রুপের খেলাও বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিদর্শনকালে সাইফুদ্দিন অনুশীলন মাঠ হিসেবে বুয়েট মাঠ, পুলিশ লাইন মাঠ এবং আর্মি স্টেডিয়াম দেখে সন্তোষ প্রকাশ করলেও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামের মাঠের উন্নয়নের পরামর্শ দিয়েছেন।

এ সময় সাইফুদ্দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের সাথেও আলোচনা করেন।  আগামী ১০ মার্চের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম  হস্তান্তর করা সম্ভব হবে বলে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়।

টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের আবাসনস্থল হিসেবে সোনারগাঁও, শেরাটন, পূর্বানী, লা ভিঞ্চি, অর্চার্ড প্লাজা এবং রেডিসন হোটেল রোববার পরিদর্শন করবেন এএফসির ইভেন্ট ম্যানেজার।

এএফসি চ্যালেঞ্জ কাপের বি এবং সি গ্রুপের খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সি গ্রুপে ফিলিস্তিন, কম্বোডিয়া এবং গুয়ামের বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ব্রুনাই। এ গ্রুপে রয়েছে নেপাল, ভারত, চাইনীজ তাইপে, ফিলিপাইন এবং আফগানিস্তান। অন্যদিকে ডি গ্রুপের দলগুলো হচ্ছে- তাজিকিস্তান, কিরঘিজিস্তান, পাকিস্তান এবং ম্যাকাও।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, সম্ভাব্য স্পন্সর কোম্পানী এবং মিডিয়া হাউসগুলোর সাথে আলোচনার জন্য এএফসির একটি প্রতিনিধি দল ১১ ফেব্রুয়ারি ঢাকা আসবে। চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে রয়েছেন- এএফসির মার্কেটিং ম্যানেজার এল আমরানি হিশাম, পিয়ং সিক পার্ক, মিডিয়া ম্যানেজার রামরত্ম রবিকুমার এবং চেতন কুলকার্নি।