জয় দিয়েই প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করল এবারের চ্যাম্পিয়ন ওল্ড ডিওএসএইচ
অ্যাকটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের শেষ ম্যাচে চলতি ক্রিকেট লিগে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ওল্ড ডিওএসএইচ শুক্রবার ১০১ রানের বিশাল ব্যবধানে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবকে হারিয়েছে।
বিকেএসপি গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত ম্যাচে এ জয়ের মাধ্যম চ্যাম্পিয়ন দল ওল্ড ডিওএসএইচ জয় দিয়েই তাদের লিগ শেষ করলো। একই সাথে লিগের প্রথম লেগের ম্যাচে ভিক্টোরিয়ার কাছে ১৬ রানে পরাজয়ের মধুর প্রতিশোধও নিল দলটি।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত ওল্ড ডিওএসএইচ প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল।
প্রথমে ব্যাট করে ডিওএসএইচ নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। অধিনায়ক আকরাম খান অপরাজিত ৭৫, মাহমুদুল্লাহ ৫৫ এবং মানজারুল ইসলাম রানা ৫৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ৩৭ ওভার চার বল খেলে সব উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। নাসিরুদ্দিন দলীয় সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন।
রানা ও আব্দুর রাজ্জাক যথাক্রমে ১৩ ও ২০ রান দিয়ে প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেন।
