২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ক্রিকেট ছাড়ছি না: গাঙ্গুলি

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ছেড়ে দেয়ার গুজব প্রত্যাখ্যান করে বলেছেন, ক্রিকেটের সাথে সম্পর্ক ভালই রয়েছে এবং এমনকি তিনি ক্রিকেটে ইনিংসের সূচনা করতে প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

গাঙ্গুলি শুক্রবার বলেন, এ মুহূর্তে আমি ভালই খেলছি। আমি আশা করছি, খেলার সুযোগ দেয়া হলে আমি ভাল খেলা অব্যাহত রাখতে পারবো।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে করাচির বোলার সহায়ক উইকেটে বামহাতি গাঙ্গুলি দুই ইনিংসে যথাক্রমে ৩৪ ও ৩৭ রান করেন। টেস্টে ভারত ৩৪১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। লাহোর ও ফয়সালাবাদ টেস্ট ড্র হওয়ায় করাচিতে জয়ের সুবাদে পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে।

গাঙ্গুলি বলেন, আমি এক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছি এবং ভাল খেলে দু’টি শতরানের জুটি গড়েছি। আমি মনে করি আমি ভাল ব্যাটিং করেছি।

ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের সাথে প্রকাশ্য বিরোধের কারণে সৌরভ গাঙ্গুলি সংবাদের শিরোনাম হয়ে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ২০০৫ সালের অক্টোবরে প্রেরিত এক ই-মেইলে চ্যাপেল বাঙ্গালী এ ক্রিকেটারকে ‘বিঘ্নসৃষ্টিকারী’ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে ই-মেইলটি ফাঁস হয়ে যায়।

এ ঘটনার পরপরই ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং তাকে একদিনের ক্রিকেট দল থেকে বাদ দেয়া হয়।

গাঙ্গুলির নেতৃত্বে ভারত ১৯টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে।

অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থদের চাপের মুখে তাকে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্ট সিরিজের প্রথমটি লাহোর টেস্টে দলভূক্ত করা হয়।

গাঙ্গুলি বলেন, দল চাইলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া টেস্ট সিরিজে ইনিংসের গোড়াপত্তন করতে আমি রাজি রয়েছি।

তিনি বলেন, আমাকে আগেও ইনিংস উদ্বোধন করতে বলা হয়েছে এবং পাকিস্তানেও তা করতে আমি রাজি ছিলাম। ভবিষ্যতেও ইনিংস উদ্বোধন করতে আমার কোন সমস্যা হবে না।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে গাঙ্গুলি নিয়মিত ইনিংস উদ্বোধন করেছেন।

তিনটি টেস্ট ও সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইংল্যান্ড চলতি ফেব্রæয়ারি মাসের শেষের দিকে ভারতে পৌঁছাবে।

পাকিস্তান সফরে ড্রেসিং রুমে গাঙ্গুলিকে একা একা কাটাতে হয়েছে বলে যে গুজব উঠেছে তা অস্বীকার করে তিনি বলেন, পাকিস্তানের সফরটি বেশ উপভোগ্য ছিল।

তিনি বলেন, ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের অধিকাংশেরই অধিনায়ক ছিলাম আমি। আর এ কারণেই ড্রেসিং রুমে কোন সমস্যা ছিল না।

গাঙ্গুলি দেশের পক্ষে ৮৮টি টেস্ট খেলে ৫,২২১ রান ও ২৭৯টি একদিনের ম্যাচ খেলে ১০,১২৩ রান করেছেন।