বয়কটের সিদ্ধান্ত বদলে অনুশীলনে ফিরে গেলেন জাতীয় দলের ফুটবলাররা
দলবদল কার্যক্রম শিগগিরই শুরুর দাবিতে বৃহস্পতিবার থেকে এশিয়ান কাপ বাছাই পর্বের আবাসিক অনুশীলন শিবির বয়কটের ডাক দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ক্যাম্পে ফিরে গেছেন জাতীয় দলের ফুটবলাররা।
বৃহস্পতিবার সকালে ফুটবলাররা ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিলেও বিকেলের সেশন বর্জন করে ফুটবল ফেডারেশনে অবস্থান করেন।
অনুশীলনে ফিরে যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয় বিডিনিউজকে জানান, ফুটবলারদের দলবদলের দাবিতে জাতীয় দলের ক্যাম্প বয়কটের ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিনের অনুরোধে ক্যাম্পে ফিরে যাওয়ারা সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিনায়ক আরও জানান, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কাননের উপস্থিতিতে সালাহউদ্দিনের সাথে ফুটবলারদের টেলিফোনে কথা হয় এবং সলাহউদ্দিন সে সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফুটবলারদের অপেক্ষা করে অনুশীলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
এর আগে ফুটবলার জানিয়েছিলেন, ২০০৪ সালে শেষবারের মত ফুটবলাররা দলবদলে অংশ নিয়েছেল, এরপর ১৬ মাস অতিবাহিত হয়ে গেলেও ফুটবলারদের দলবদল সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে। পেশাদার ফুটবলার হিসেবে তারা এ মাসেই দলবদলে অংশ নিতে চান।
এ ব্যাপারে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের সাথে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি বিডিনিউজকে জানান, এভাবে ফুটবলারদের অনুশীলন বয়কট করা উচিত হয়নি, কারণ ২২ ফেব্রুয়ারি এশিয়ান কাপ বাছাই পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলায় এর ক্ষতিকর প্রভাব পড়বে।
তিনি আরও জানান, সিনিয়র ডিভিশন লিগ এবং পেশাদার লিগ একসাথে চালানোর উপায় খুঁজে বের করতে ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। ফুটবলারদের অন্তত সে সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে তিনি জানান।
এর আগে জুনে ফুটবলারদের দলবদল অনুষ্ঠিত হবে বলে জানতে পেরে জাতীয় দলের ফুটবলাররা অনুশীলন বয়কট করেন বলে জানা যায়।
জাতীয় দলের ফুটবলাররা দলবদলের দাবির পাশাপাশি সাফ ফুটবলের প্রাইজমানি বন্টন এবং ফুটবলারদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরীর দাবি জানিয়েছেন।
