কলম্বোতে অনুশীলন ম্যাচে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়েছে অনুর্ধ্ব ১৯ দল
আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
তামিম ইকবাল মাত্র ৬৪ বলে ডজনখানেক বাউন্ডারি এবং পাঁচটি বিশাল ছক্কার মাধ্যমে ১০৪ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার সিরাজুল্লাহ খাদেম ২৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র প্রথম ব্যাট করে এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অ্যাল ডডসন। এছাড়া নাথানিয়েল ২৭, প্যাটেল ২৩ এবং টিম্বাওয়ালা ১৫ রান করেন।
বাংলাদেশের রেজাউল ইসলাম ১২ রানে তিনটি এবং সোহরাওয়ার্দী শুভ ২০ রানে দুই উইকেট দখল করেন।
জবাবে বাংলাদেশ ১৭ দশমিক পাঁচ ওভারে কোন উইকেট না খুইয়ে ১৪৬ রান করে জয় তুলে নেয়।
জিম্বাবুয়ের বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
