ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ল্যামপার্ড
গত বছর মাঠে দারুন ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ইংলিশদের তাক লাগিয়ে দিয়েছিলেন চেলসি’র মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যামপার্ড। ফলস্বরূপ এ বছর তিনিই পেলেন ফুটবল জ্বরে কাতর বৃটিশদের মনোনয়ন।
ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) ইন্টারনেটে দর্শকদের মতামত আহ্বান করলে ২৯% ভোট পেয়ে ল্যামপার্ড ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।
তবে ল্যামপার্ডের কপালে এর আগেই বেশ বড়সড় প্রাপ্তি জুটেছিল। ২০০৫ এ ইউরোপের দ্বিতীয় বর্ষসেরা এবং বিশ্বের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন এই চেলসি তারকা।
অবশ্য নির্বাচনের প্রকৃত অবস্থাটা বোঝা গেল ইংলিশ কোচ সেভেন গোরান এরিকসন মন্তব্যে “আমি মনে করি বর্ষসেরা ফুটবলার নির্বাচন করতে দর্শকদের বেশ বেগ পেতে হয়েছে। আমরা সত্যিই সৌভাগ্যবান যে দলে এখন বেশ ক’জন একক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনকারী ফুটবলার রয়েছে।”
গত বছর ইংল্যান্ডের পক্ষে নয়টি খেলায় তিনটি গোল করেন ২৭ বছর বয়স্ক ল্যামপার্ড। চেলসির পক্ষে প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও তার অবদান অনস্বীকার্য।
এছাড়া, ১৮% ভোট নিয়ে লিভারপুলের মিডফিল্ডার স্টিভেন গ্যারেন্ড দ্বিতীয়, ১৬% ভোট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টাইকার ওয়েন রুনি তৃতীয়, মাইকেল ওয়েন ১২% ভোট নিয়ে চতুর্থ এবং ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম ১০% ভোট নিয়ে ২০০৫ সালের পঞ্চম বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।
