২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর হতে প্রোটিয়াস অধিনায়ক স্মিথের আহ্বান

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রোটিয়াস দলপতি গ্রায়েম স্মিথ বলেন, ফিফা বর্ণবাদ সমস্যা যেভাবে মোকাবেলা করেছে ক্রিকেট পরিচালনা পর্ষদ আইসিসি’র উচিত সেভাবেই তা নিমূল করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ (অস্ট্রেলিয়া)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 10:34 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

অস্টেলিয়া সফরে প্রোটিয়াস ক্রিকেটাররা বর্ণবাদ সমস্যা নিয়ে বেশ কয়েকবার অভিযোগ করেন।

স্মিথ বলেন, “আমি মনে করি আইসিসি’র উচিৎ এই সমস্যাটি শক্ত হাতে মোকাবেলা করা। আমার পরামর্শ হচ্ছে, ফিফা যেভাবে ফুটবল খেলা থেকে এই সমস্যাটি নিমূল করেছে আইসিসি’র উচিৎ সে ধরনের কিছু করার।

তিনি আরও বলেন, “এই সমস্যা সমাধানের দায়িত্ব আইসিসি’র। যদি এই ধরনের ঘটনা একই জায়গায় বারবার ঘটতে থাকে তাহলে আইসিসি’র উচিৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।”

আইসিসি ইতোমধ্যেই এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রোটিয়াস ক্রিকেটারদের অভিযোগ তদন্ত করে দেখার জন্য ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় সলিসিটর জেনারেল গোলাম বাহানবতিকে পাঠাবেন।

তদন্তের অংশ হিসেবে তিনি ভেন্যুগুলোর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি এবং আইসিসি’র বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

আইসিসি আরও জানিয়েছে, তদন্ত কর্মকর্তা দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কায় গিয়ে দেশ দু’টির ক্রিকেটারদের বক্তব্যও শুনবেন।

দুবাইয়ে মার্চ মাসের ২০-২১ তারিখের সভায় এই বিষয়ে আইসিসি’র সামনে প্রতিবেদন পেশ করবেন গোলাম বাহানবতি।