পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ইনজামাম উল হক
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অধিনায়ক ইনজামাম উল হককে ২০০৫ সালের বর্ষসেরা ক্রিকেটার মনোনীত করেছে।
দল নির্বাচক কমিটির চেয়ারম্যান লে. জে. তারিক ওয়াসিম গাজী বলেন, “বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে আমরা নয়টি টেস্ট এবং ২২টি ওয়ান ডে ম্যাচের ক্রীড়া নৈপুণ্যে পর্যবেক্ষণ করেছি।”
তিনি আরও বলেন, “ইনজামামকে বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণের জন্য নয় বরং তিনি দলকে যেভাবে দৃঢ়তার সাথে পরিচালনা করেছেন তার জন্যও।”
ইংল্যান্ডের বিরুদ্ধে ইনজামাম তিনটি সেঞ্চুরিসহ ৪৩১ রান করেন। ভারত সফরের সময় তিনি তিনটি টেস্টে ৫৬৮ রান করেন।
তরুণ প্রতিভাবান উইকেটরক্ষক কামরান আকমলকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, প্রতি বছর সাতজন সেরা ক্রিকেটারকে বাছাই করে তাদের মধ্যে থেকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হবে।
উল্লেখ্য, ইনজামাম উল হকের নাম ২০০৫ সালের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা ক্রিকেটার তালিকায়ও ছিল।
