২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের সেরা অস্ট্রেলিয়া, মোহাম্মদ ইউসুফ আর মুরালিধরন

ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রাধান্য এখন আর নতুন কিছু নয়। তবে এ বছরের অবাক করা বিষয় হলো , দল হিসেবে অস্ট্রেলিয়া সেরা হলেও বোলার বা ব্যাটসম্যান হিসেবে তাদের কারো সেরা হতে না পারা। ব্যাটসম্যান হিসেবে এবারের সেরা পারফর্মার মোহাম্মদ ইউসুফ আর বোলার হিসেবে মুত্তিয়া মুরালিধরন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

চলতি অ্যাশেজ সিরিজের প্রথম চার ম্যাচসহ সদ্য শেষ হওয়া মৌসুমে মোট দশটি টেস্ট ম্যাচ খেলে দশটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তাই এখানে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না কারো। শ্রীলংকা ১১ ম্যাচ খেলে ৬ টিতে জিতে আছে দ্বিতীয় স্থানে। ২০০৬ মৌসুমে কোনো টেস্ট ম্যাচ জেতেনি এমন দেশ আছে দুটি-ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ।

এ মৌসুমে নয়টি সেঞ্চুরিসহ ৯৯.৩৩ গড়ে ১৭৮৮ রান করে ভিভ রিচার্ডসের এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ইউসুফ ইয়োহানা। পাকিস্তানের এই ব্যাটসম্যান রেকর্ডগড়া পারফরম্যান্স দিয়েই হয়ে গেছেন মৌসুমের সফলতম ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৫৩.৭২ গড়ে ১৩৪৩ রান করে তার ঠিক পেছনেই ইংল্যান্ডের কেভিন পিটারসেন। বেচারা রিকি পন্টিং। ৮৮.৮৬ গড়ে ১৩৩৩ রান করেও প্রথম হওয়া তো দূরের কথা, পিটারসেনের চেয়ে স্রেফ ১০ রান কম করায় ম্যাচপ্রতি রানে অনেক এগিয়ে থেকেও তিনি তৃতীয়সেরা!

বোলারদের মধ্যে ১৬.৯০ গড়ে ৯০ উইকেট নিয়ে সবার ওপরে মুরালিধরন। তার অনেক পেছনে থেকে দ্বিতীয়সেরা দক্ষিন আফ্রিকার মাখায়া এনটিনি (৫৮ উইকেট)। মৌসুমের সেরা বোলিং বিশ্লেষনও মুরালির। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেটাই হয়ে আছে মৌসুম সেরা। এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডের মালিক শেন ওয়ার্ন এবার প্রথম বোলার হিসেবে সাতশ’ উইকেটের মাইলফলক পেরিয়েছেন ৪৯ উইকেট নিয়ে।

এ মৌসুমে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসটি খেলেছেন শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৩৭৪, বনাম দক্ষিন আফ্রিকা, কলম্বো)। সেই ইনিংসে তাকে পার্টনারশিপের (৬২৪ রানের) বিশ্বরেকর্ড গড়ায় সঙ্গ দিতে গিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি (২৮৭) খেলেছেন কুমারা সাঙ্গাকারা।

কিন্তু বোলিং আর ব্যাটিং গড়ে সবার ওপরে কিন্তু ইউসুফ, জয়াবর্ধনে বা মুরালিধরনেরা নেই। সেখানে লেখা জ্যাসন গিলেস্পি এবং অ্যাশওয়েল প্রিন্সের নাম। বাংলাদেশের বিপক্ষে একটা অপরাজিত ডাবল সেঞ্চুরি করায় মৌসুমে গিলেস্পির ব্যাটিং গড় ২৩১! ওদিকে দক্ষিন আফ্রিকার অনিয়মিত বোলার অ্যাশওয়েল প্রিন্স ১ উইকেট নিয়েছেন ৯ রান দিয়ে। সুতরাং তার বোলিং গড়ও ৯। গিলেস্পি আর প্রিন্সকে ছাড়িয়ে যাবার সাধ্য কার আছে বলুন! এ মৌসুমে অন্তত কেউ সেই সামর্থ্য (!) প্রমাণ করতে পারেননি।