ইনজামামের ওয়ার্ন-ম্যাকগ্রা বন্দনা
এখন তার মুখে থাকার কথা পাকিস্তানের আসন্ন দক্ষিন আফ্রিকা সফর প্রসঙ্গ। কিন্তু ক্রিকেট জগতে এ মুহুর্তের বাস্তবতা হলো, সব খবর ছাপিয়ে বড় হয়ে উঠেছে দুই অস্ট্রেলিয়ানের অবসর নেওয়ার প্রসঙ্গ।
শেন ওয়ার্ন আর গ্লেন ম্যাকগ্রা। তাদের ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনাই এ মুহুর্তে ক্রিকেটে সবচেয়ে আলোচিত। ইনজামাম-উল হকের চিন্তারাজ্যেও বেশি ঘুরপাক খাচ্ছে এই বিষয়টি। তাই bigstarcricket.com-এ নিজের ডায়েরিতে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, “ ওরা দুজন অসাধারন খেলোয়াড়, অসাধারন দুজন বোলার। ক্রিকেট তাদের মিস করবে, এটা খুবই স্বাভাবিক, তবে ওদের সবচেয়ে বেশি মিস করবে অস্ট্রেলিয়া।”
আগামী সপ্তাহে সিডনিতে অনুষ্ঠেয় চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শেন ওয়ার্ন। ওই ম্যাচে ম্যাকগ্রাও বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে। তবে টেস্ট ইতিহাসের সফলতম ফাস্টবোলার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন ২০০৭ বিশ্বকাপের পর। খুব কাছাকাছি সময়েই কিন্তু অস্ট্রেলিয়া হারাচ্ছে তাদের সেরা দুই বোলারকে। এ বিষয়টি অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে ভয়ানক প্রভাব ফেলবে বলে মনে করেন ইনজামাম, “ অস্ট্রেলিয়ার জন্য এটা মোটেই ভালো খবর নয়। আমার তো গোটা দুই দৃষ্টান্ত অন্তত মনে পড়ছে যে গুলোতে ওরা খেলেনি আর সে কারণে অস্ট্রেলিয়া খুব ভুগেছে। দু জনই চমৎকার পারফর্মার। দলের বেশির ভাগ উইকেটই ওরা নেয়। সুতরাং ওরা যখন থাকবে না, তখন প্রতিপক্ষের সব ব্যাটসম্যানই স্বস্তির নিঃশ্বাস ফেলবে।” এসবের পর ইনজামাম যে কথাটি বলেছেন তা রিকি পন্টিংয়ের দলের জন্য খুবই দুশ্চিন্তার, “ ওদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া বেশ দুর্বল হয়ে পড়বে। অন্য দলগুলো অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে এখন অনেক আত্মবিশ্বাসী হবে।”
