ম্যাচ বাঁচাতে পারবে তো ভারত?
টেন্ডুলকার এসেছেন ক্রিজে। সিরিজে এই প্রথমবারের মতো উইকেটে মোটামুটি থিতু হয়ে গেছেন ওয়াসিম জাফর। শেষ দিনে দরকার ৩১৬ রান।
এ অবস্থায় জেতার আশাও করা যায়। কিন্তু চতুর্থ দিন শেষে আগে আসছে যে প্রশ্নটা, তা হলো-হার এড়াতে পারবে তো ভারত? ৩৫৪ রানের জয়ের লক্ষের দিকে ছুটতে গিয়ে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা। চাপের মুখে ভেঙ্গে পড়তে অভ্যস্ত ভারতীয় ব্যাটিং-লাইনআপকে ঘিরে এ প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক!
শুক্রবার শ্রীশান্ত (৪/৮০), জহীর খানেরা (১/৬৫) ঝটপট ৬ উইকেট তুলে নেওয়ায় ব্যাকফুটে চলে গিয়েছিল বিনা উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করা দক্ষিন আফ্রিকা। ১৪৩ রানে ৬ উইকেট হারানোর পর অবশ্য শন পোলক (অপরাজিত ৬৩) আর অ্যান্ড্রু হল (২১) সপ্তম উইকেটে ৭০ রান এবং পোলক আর মরকেল (২৭) অষ্টম উইকেট জুটিতে ৫২ রান তুলে স্বস্তিকর অবস্থানে নিয়ে যান দলকে। সুবাদে দক্ষিন আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ৮ উইকেটে ২৬৫ রান তুলে।
তারপর? ভারতীয় ইনিংসের শুরুটা এবারও একইরকম। আগের ইনিংসগুলোর মতো দলের প্রয়োজন বুঝে ব্যাট করতে না পেরে আবার অল্পতেই আউট বীরেন্দর শেবাগ (৮)। দ্রাবিড়ও (৫) বজায় রেখেছেন ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা। শনিবার জাফর (২২*) আর টেন্ডুলকার (০*) নামের প্রতি সুবিচার করতে না পারলে পরাজয় এড়ানোই কঠিন হয়ে যাবে ভারতের, ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ জেতা তো অনেক পরের কথা!
