২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়া-ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড

উদ্বোধনী জুটি ২৪ ওভারে তুলেছে ২০১ রান। জয়ের লক্ষ্য যদি ২৮৭ রান হয়, তাহলে কে জিতবে? উত্তরটা ম্যাচের ২৬ ওভার বাকি থাকতেই জানা হয়ে যাওয়ায় নিউজিল্যান্ড-শ্রীলংকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়তা শেষ হয়ে গিয়েছিল আগেই। জানা কথাই ঠিক থেকেছে শেষপর্যন্ত, সনাৎ জয়াসুরিয়ার অসাধারন এক সেঞ্চুরির সুবাদে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে শ্রীলংকা। ম্যাচের ৫০ ওভার শেষ হতে তখনো ১০ ওভার বাকি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

৮ উইকেটে ২৮৫ রান করেও এমন লজ্জাজনক হার মেনে নিতে হবে এমন অনুমান জয়াসুরিয়া ব্যাট করতে নামার আগে করার উপায় ছিল না। ক্যারিয়ারের মাত্র তৃতীয় ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি (১৩৩ বলে অপরাজিত ১২৮,১২ টি চার + ৪টি ছক্কা) করা রস টেলর নাথান অ্যাস্টলের (৮৩) সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়ে তুলেছিলেন ১৫১ রানের রেকর্ড পার্টনারশিপ।

কিন্তু আগে-পরে আর কেউ তেমন কোনো অবদান রাখতে না পারায় আশা জাগিয়েও তিনশ’ করতে পারেনি নিউজিল্যান্ড।

তিনশ’ করলেও অসুবিধে হতো না শ্রীলংকার। সনাৎ জয়াসুরিয়া আর উপুল থারাঙ্গার ২০১ রানের জুটি ৪০০ রানের টার্গেটকেও অর্জনযোগ্য ভাবাচিছল। ২৫ তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে দুই ওপেনারকে জেমস ফ্র্যাঙ্কলিন ফেরানোর পরও ম্যাচে ফেরার অবস্থায় যেতে পারেনি নিউজিল্যান্ড। যাবে কি করে, ১২ টি চার ও ৫ টি ছক্কায় সাজানো জয়াসুরিয়ার ৮২ বলে ১১১ আর থারাঙ্গার ৭৩ বলে ৬৮ রানের ইনিংস দুটোই তো শেষ করে দিয়েছিল সব। তারপর হাতের কাছের জয়ে পৌঁছাতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জয়াবর্ধনে (৩৪*) আর সাঙ্গাকারা (৩৬)। ম্যান অব দি ম্যাচ কে হয়েছেন? কেন, জয়াসুরিয়া!

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৮৫/৮ (টেলর ১২৮*, অ্যাস্টল ৮৩, ফুলটন ২৪, ভাস ৩/৫০, মালিঙ্গা ২/৬৬, ফার্নান্দো ১/৪৩, মুরালিধরন ১/৪৮)

শ্রীলংকা ৪০ ওভারে ২৮৬/৩ (জয়াসুরিয়া ১১১, থারাঙ্গা ৬৮, জয়াবর্ধনে ৩৪*, সাঙ্গাকারা ৩৬, আতাপাত্তু ৭*, ফ্র্যাঙ্কলিন ২/৬৯, ভেট্টোরি ১/৩৩)