অনুর্ধ্ব-১৩ ফুটবল প্রতিভা বাছাইয়ের জন্য ট্রায়াল হবে সারা দেশে
তারা চেয়েছিল আগের মতো শুধু ঢাকায় উন্মুক্ত ট্রায়ালের ব্যবস্থা করতে। সেই ব্যবস্থায় যে দেশের সবার আগ্রহ থাকলেও অংশ নিতে পারে না, তা প্রমাণিত।
বাইরে থেকে ঢাকায় এসে অনেকের পক্ষে ট্রায়ালে অংশ নেওয়া কঠিন। তাই এবার ঢাকার বাইরেও ১০টি ভেন্যুতে হবে অনুর্ধ্ব-১৩ ফুটবলারদের বাছাইপর্ব।
অর্থাৎ ঢাকাসহ মোট ১১টি ভেন্যুতে একদিন করে ট্রায়াল চলবে অনুর্ধ্ব-১৩ বছরের ফুটবলারদের বাছাই করার জন্য। উদ্দেশ্য আগামী বছর ৪ থেকে ৮ মে বাংলাদেশে অনুষ্ঠেয় এএফসি অনুর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের দল গঠন। বাফুফের বেতনভুক্ত ১৪ জন কোচ ভেন্যুগুলোতে গিয়ে ট্রায়াল পরিচালনা করে প্রতিভাবানদের খুঁজে বের করবেন।
আগামী ৮ জানুয়ারি রাঙ্গামাটি স্টেডিয়ামে বিকাল আড়াইটায় রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির আগ্রহী অনুর্ধ্ব-১৩ বছরের খেলোয়াড়দের উপস্থিত থাকতে বলা হয়েছে। একই দিনে ওসমানী স্টেডিয়ামে ট্রায়াল হবে সিলেট অঞ্চলের এবং রাজবাড়ী স্টেডিয়ামে হবে রাজবাড়ী, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের খেলোয়াড়দের। ৯ জানুয়ারি চট্টগ্রাম শহরের খেলোয়াড়দের ট্রায়াল হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এবং বরিশাল স্টেডিয়ামে হবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী, ভোলা ও বরগুনার খেলোয়াড়দের। ১০ জানুয়ারি ফেনী স্টেডিয়ামে ফেনী, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষèীপুর ও বি.বাড়ীয়ার খেলোয়াড়দের এবং ওই দিন ময়মনসিংহ স্টেডিয়ামে হবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের খেলোয়াড়দের ট্রায়াল। আগামী ১২ তারিখ নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনার খেলোয়াড়দের এবং যশোর স্টেডিয়ামে হবে যাশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরার খেলোয়াড়দের। ১৩ জানুয়ারি দিনাজপুর স্টেডিয়ামে ট্রায়াল হবে দিনাজপুর, ঠাকুরগাঁও, নিলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামের খেলোয়াড়দের ট্রায়াল। শেষের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ট্রায়াল হবে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে আসা ছেলেদের।
