২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দিয়েছেন হেইডেন-সাইমন্ডস

যখনই আমরা দরজার কাছে পা রেখেছি, অমনি মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়েছে ওরা ” তৃতীয় টেস্ট শেষে খুব হতাশা নিয়েই এ উপলব্ধির কথা বলেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। মেলবোর্নে চলছে চতুর্থ টেস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এখানে ফ্লিনটফের অভিজ্ঞতায় নতুনত্ব আসবে তেমন আশা করার যো নেই। ইংল্যান্ডের ১৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া করেছে ৭ উইকেটে ৩৭২ রান। ম্যাথু হেইডেন ২৭তম সেঞ্চুরি করে সোবার্সকে ছাড়িয়ে আর অ্যান্ড্রু সাইমন্ডস প্রথম টেস্ট সেঞ্চুরি করে আরেকটি পরাজয়ের দিকেই ঠেলে দিয়েছেন সফরকারীদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড এখন ২১৩ রানের। ম্যাচ শেষ হতে এখনো ৩ দিন বাকি!

সকালটা মন্দ ছিল না ইংল্যান্ডের জন্য। গোপন গেম প্ল্যান ফাঁস হয়ে যাওয়ার হতাশা ও অস্বস্তি নিয়ে মাঠে নেমেও অস্ট্রেলিয়াকে অনেকটা কোনঠাসা করে ফেলেছিল তারা। পন্টিং, হাসি এবং ক্লার্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর তখন ৫ উইকেটে ৮৫। তারপরই ম্যাথু হেইডেন আর অ্যান্ড্রু সাইমন্ডসের ২৭৯ রানের জুটি। ইংল্যান্ডের আশা প্রায় শেষ ওখানেই। ফ্লিনটফের বোধহয় তখন থেকেই আবার দরজাটা বন্ধ হয়ে যেতে দেখছেন।

১১টি চার আর ২ টি ছক্কায় সাজানো ১৫৩ রানের ইনিংস খেলে হেইডেন আউট হলেও সাইমন্ডস নিজের প্রথম সেঞ্চুরিকে ১৫৪ পর্যন্ত নিয়ে যাওয়ার পরও থামেননি। তৃতীয় দিনের শুরুতে নিশ্চয়ই ‘সাইমন্ডস’ নামের দুশ্চিন্তা থেকে রেহাই চাইবে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস ১৫৯ (স্ট্রাউস ৫০, কলিংউড ২৮, পিটারসেন ২১, ওয়ার্ন ৫/৩৯, ক্লার্ক ২/২৭, লি ২/৩৬, ম্যাকগ্রা ১/৩৭)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস (ব্যাটিং) ৩৭২/৭ ( সাইমন্ডস ১৫৪ ব্যাটিং, ওয়ার্ন ৪ ব্যাটিং, হেইডেন ১৫৩, ল্যাঙ্গার ২৭, লি ০, পন্টিং ৭, হাসি ৬, মাইকেল ক্লার্ক ৫, গিলক্রিস্ট ১, ফ্লিনটফ ৩/৭৭, সাজিদ মাহমুদ ২/৬৭, হার্মিসন ১/৫৫, হগার্ড ১/৮২ )