কাউন্সিলরশিপে পরিবর্তনের কৌশল ভেস্তে গেছে
একটা জায়গায় কেবল ঠেকে গেছেন তারা। মঙ্গলবারের বার্ষিক সাধারন সভায় কৌশলে নতুন গঠনতন্ত্র অনুমোদন করিয়ে নিলেও কাউন্সিলরশিপে পরিবর্তন না আনার যে আইন করার উদ্দেশ্য ছিল তা ভেস্তে গেছে।
আগামী এপ্রিলের মধ্যে বাফুফের পরবর্তী নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে বর্তমান কাউন্সিলর-তালিকায় যেন কোনো পরিবর্তন না আসে সেই চেষ্টাও করা হয়েছিল। পরিবর্তন এলে হয়তো নিজেদের গদি ঠিক রাখা যাবে না – এটাই বাফুফে কর্মকর্তাদের মূল ভয়। সেই ভয় তাড়ানোর চেষ্টা করেও তারা পারেননি। যখনই কাউন্সিলর পরিবর্তন করা যাবে না, এমন ঘোষনা আসে তখনই এর বিপক্ষে দাঁড়িয়ে যান অনেকে। প্রতিবাদকারীদের যুক্তি, “কোনো জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচন হলে কিংবা তারা নতুন কাউকে প্রতিনিধি হিসেবে পাঠালে তাকে মেনে নিতে বাধ্য বাফুফে। কারণ, কাউন্সিলর ব্যাক্তি নয়, প্রতিষ্ঠান।” এই যুক্তিতে পিষ্ট হয়ে গেছে বর্তমান বাফুফে কর্তাদের পরিকল্পনা।
তারপর গণতন্ত্রের কথা বলে নতুন পথে এগোতে হয়েছে তাদের। “কেউ তাদের প্রতিনিধি পরিবর্তন করতে চাইলে তা পারবে। কিন্তু কোনো প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ভেঙ্গে অ্যাডহক কমিটি গঠিত হলে সেটা এবং তাদের দেওয়া কোনো প্রতিনিধি বৈধ বলে বিবেচিত হবে না। সেক্ষেত্রে আগের প্রতিনিধিই বহাল থাকবে”– বলেছেন বাফুফে সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থা কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই বহাল থাকবেন, যদি তাদের জায়গায় নতুন কারো নাম না পাঠানো হয়। আবার কোনো প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি কাউন্সিলরের নাম পরিবর্তন করতে চাইলেও পারবেনা।
