ওয়ার্ন ৭০৪ নটআউট, ইংল্যান্ড ১৫৯ রানে অলআউট!
একটু বিচিত্র শোনালেও এটাই হওয়া উচিত মেলবোর্ন টেস্টের খবরের শিরোনাম। সবার কৌতুহল ছিল ওয়ার্ন প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট পান কিনা সেদিকে।
শেন ওয়ার্ন শুধু ৭০০ তে পা রাখেননি, ক্যারিয়ারে ৩৭ তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে এগিয়েও গেছেন বেশ কিছু দূর। পরিনামে ডুবেছে ইংল্যান্ড। ০-৫-এ হোয়াইট ওয়াশ হওয়ার পথে যাত্রা অব্যাহত রেখে প্রথম ইনিংসে তারা অলআউট হয়ে গেছে মাত্র ১৫৯ রানে। দিন শেষে অস্ট্রেলিয়া করেছে ২ উইকেটে ৪৮ রান।
লাঞ্চ পর্যন্ত খেলা দেখে এমসিজিতে উপস্থিত প্রায় ৯০ হাজার দর্শকের নিশ্চয়ই মনে হচ্ছিল তাদের প্রিয় শেন ওয়ার্নের উৎসব একটু দেরিতে শুরু হবে। এমনিতেই বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছে দেরিতে, তার ওপর ২ উইকেটে ৪৪ থেকে কলিংউড (২৮) আর স্ট্রাউসের (৫০) হাত ধরে একশ’ ছাড়িয়েছে ইংল্যান্ড। ওয়ার্নভক্ত অস্ট্রেলিয়ানদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ ছিল।
কিন্তু লাঞ্চের পর উল্টে গেল পাশা। বদলে গেল সবকিছু। ২ উইকেটে ১০১ রান থেকে ইংল্যান্ড ১৫৯ রানে শেষ! মাত্র ৫৮ রানে পড়ে গেল শেষ আটটি উইকেট! স্ট্রাউসকে (৫০) বোল্ড করেই ৭০০ উদযাপনে মেতেছিলেন ওয়ার্ন। ইংল্যান্ডের ইনিংস শেষও হয়েছে স্পিন জাদুকরের ছোঁয়ায়। মন্টি পানেসারকে বিদায় করে ইনিংসে ৫ উইকেটও পেয়ে যান ওয়ার্ন।
দিনের শেষে অবশ্য একটু সান্ত¡না পেয়েছে ইংল্যান্ড।ল্যাঙ্গার (২৭) আর নাইট ওয়াচম্যান ব্রেট লি (০)-র উইকেট দুটো নিয়ে তাদের ম্যাচে ফেরার আশা জাগিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ।
