শেন ওয়ার্নের ৭০০ উইকেট পাওয়ার টেস্ট?
হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা প্রায় শেষ। ম্যাচ কিছুটা জমিয়ে শেষ দৃশ্যে ইংল্যান্ডকে নাকাল করে করে টানা তিন টেস্ট সিরিজ জেতাও সারা, অ্যাশেজকে তো সেই অর্থে লড়াই-ই হতে দিল না অস্ট্রেলিয়া।
মেলবোর্নে মঙ্গলবার চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা রিকি পন্টিংয়ের দল হোয়াইট ওয়াশের পথে আরেক পা এগোতে পারে কিনা এই কৌতুহল নিয়ে। সেটাও এখন মামুলি ব্যাপার। মূল আকর্ষণ শেন ওয়ার্ন। প্রথম বোলার হিসেবে তার ৭০০ উইকেট যে এই টেস্টেই হয়ে যাাওয়ার কথা!
অ্যাশেজের শেষ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শেন ওয়ার্ন। এর পাশাপাশি এটাও সবার জানা যে, ওয়ার্নের মতো গ্লেন ম্যাকগ্রাও সিডনিতে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট। সুতরাং মেলবোর্ন টেস্ট আঙ্গিনায় দুজনকেই দেখবে শেষ বারের মতো। আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুজনই থাকবেন-এটাই তো স্বাভাবিক। ওয়ার্নের আকর্ষণটা অনেক বেশি, কেননা এটা তার হোমগ্রাউন্ড। হোমগ্রাউন্ডে ওয়ার্নের সাতশ‘ উইকেটের হাতছানি আগে, নাকি জয়-পরাজয়? জবাবটা মেলবোর্নের অবোধ শিশুরাও জানে।
এ ম্যাচে কারা ফেবারিট-এর উত্তরও অজানা নয় কারো। ওয়ারউইক আর্মস্ট্রংয়ের দলের (১৯২০-২১) পর প্রথম অস্ট্রেলিয়ান দল হিসেবে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ (৫-০) করার সুযোগ পন্টিং বাহিনী ছাড়তে চাইবে কখনো? যদি না ছাড়ে, তাহলে কি টানা তিন পরাজয়ে নুয়ে পড়া ইংল্যান্ড পারবে ঘুরে দাঁড়াতে? অ্যান্ড্রু ফ্লিনটফ অবশ্য অনেক আশার কথা শুনিয়েছেন, কাজের কাজ কতটা হয় তা দেখার জন্য অপেক্ষায় থাকাই শ্রেয়।
www.cricinfo.com-এর সহায়তায়
