২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ জনের সঙ্গে চুক্তি সেরেছে মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধাও ঘর গোছানোর কাজ সেরে ফেলেছে। তবে এজন্য তাদের খুব বেশি বেগ পেতে হয়নি। কারণ, তাদের আগের দলই ছিল অনেক শক্তিশালী, মোহামেডান, ব্রাদার্স আর শেখ রাসেল থেকে কয়েকজনকে টেনে প্রথম পেশাদার লিগের শিরোপার জন্য নিজেদের আরো যোগ্য করে তুলেছে মুক্তিযোদ্ধা। গত রোববার ১৯ জনের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি সেরে রেখেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মুক্তিযোদ্ধার আগের ফুটবলাররা হলেন আমিনুল, তিতুমীর, হাসান আল-মামুন, রজনী, টিটু, আরমান, সাইফুল, বিদ্যুৎ, এনামুল, আলী আরমান, কাঞ্চন ও মনি। এদের সঙ্গে মোহামেডান ছেড়ে এসে যোগ দিয়েছেন মতিউর মুন্না, আরমান আজিজ ও আলফাজ এবং ব্রাদার্স থেকে এসেছেন পারভেজ বাবু। শেখ রাসেল থেকে এসেছেন শরীফ ও দ্বীন মোহাম্মদ এবং ভিক্টোরিয়া থেকে ওমর ফারুক। এই ১৯ জনের সঙ্গে চুক্তি পাকা করেছে মুক্তিযোদ্ধা। এবং তাদের মধ্যে অধিনায়কত্বের আর্মব্যন্ড পড়বেন স্ট্রাইকার মনি, যার গত মৌসুমটা কেটেছে ইনজুরিতে। এখন অবশ্য নিজেকে শতভাগ ফিট বলে দাবি করছেন তিনি।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরীর দাবি, “চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছি আমরা। দেশী খেলোয়াড়দের সঙ্গে চার বিদেশী যোগ হলে দলের ধার আরো বেড়ে যাবে।”

গতবারও খেলে যাওয়া বিদেশী ঘানসার মুক্তিযোদ্ধায় খেলা নিশ্চিতই বলা যায়। আরো তিন বিদেশীকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর পরই নতুন কোচ আবু ইউসুফের তত্ত্বাবধানে প্র্যাকটিসে নেমে পড়বে মুক্তিযোদ্ধা। সবাইকে প্র্যাকটিসে দেখার পরই পেশাদার লিগের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশনের উদ্যেগ নেবে তারা।