২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার রেকর্ড, দুটো সেঞ্চুরি, ৪৪৩ রান-আর কী চাই!

মোহামেডান-সোনারগাঁ ক্রিকেটার্স ম্যাচ তখন শুরু হয় হয় করছে। একটু আগেই ভিক্টোরিয়াকে ৩ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা ওল্ড ডিওএইচএসের অধিনায়ক আকরাম খান ও তার সহযোদ্ধারা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অস্থায়ী প্রেস বক্সে এসে খেলা দেখতে বসে গেলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ম্যাচের প্রথম বল হওয়ার আগে কী মনে করে তাদের জিজ্ঞাসা, “আচ্ছা, টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে কী কোনো দল কখনো দুইশ’র বেশী রান তুলেছে?” ম্যাচের প্রথম ২০ ওভার শেষে তাদের ওই প্রশ্নের উত্তর হয়ে গেল ‘ ‘মোহামেডান’। এরপর তাদের ২২৬ রান তাড়া করতে নামা ‘ সোনারগাঁ ক্রিকেটার্স’ও (২১৭)।

আগেরদিন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পর সোমবারও মোহামেডানের জয় ৯ রানের। মোহামেডানের জন্য একই সঙ্গে সেমিফাইনাল ও গ্রুপ চ্যাম্পিয়নশিপ পাকাপোক্ত করা ম্যাচটাতে দু’দল মিলে করেছে ৪৪৩ রান! টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে এমন অবিশ্বাস্য চিত্রনাট্যের নায়ক হতে হতেও শেষপর্যন্ত পার্শ্বচরিত্র মোহাম্মদ আশরাফুল। তবে নিজ দলের জয়ের সুবাসটা তার সেঞ্চুরিতেই পাওয়া। সেই সূত্রে ম্যাচটা জমজমাট করার কৃতিত্ব সোনারগাঁ অধিনায়কেরই পাওনা। আর নায়ক অবশ্যই জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। এক ইনিংসে দুইশ’র দেখা পাওয়া গেল তো ছক্কার ফুলঝুরি ছুটিয়ে তার করা এদেশের টুয়েন্টি-টুয়েন্টি ইতিহাসের প্রথম সেঞ্চুরিতেই।

১১-বাংলাদেশের ক্রিকেটে এখন ইতিহাস এই সংখ্যাটাও। ম্যাচে ঠিক এতগুলোই ছক্কা মেরেছেন জুনায়েদ। যার একটায় আবার বলও হারিয়েছে। তো ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক ছক্কায় পরিসংখ্যানের পাতায় ঝাঁপিয়ে পড়ার কোনো সুযোগ অবশ্য ছিল না। কেননা এদেশের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড সংরক্ষিত হয়ই না বলা চলে। অগত্যা স্মৃতিই ভরসা। দীর্ঘদিন ধরে ঢাকার ক্রিকেট অনুসরণ করা অনেকের রায়,“এটা ছক্কার রেকর্ডই।” ১৯৯৩ সালে দামাল-সামার ক্রিকেটের ফাইনালে মোহামেডানের বিপক্ষে ১০ টি ছক্কা মেরেছিলেন আবাহনীর শ্রীলঙ্কান রিক্রুট সামারাসেকারা। ১৯৯১ থেকে ঢাকার ঘরোয়া ক্রিকেটের প্রায় সব ম্যাচের স্কোরকার্ড নিজের সংগ্রহে রাখা স্কোরার হাবিবুল্লাহও নিশ্চিত করলেন ছক্কার রেকর্ড হওয়ার ব্যাপারটি,“আমার জানামতে সামারাসেকারার আগে-পরে আর কেউ ১০ টির বেশী ছক্কা মারেননি।”

জুনায়েদের বেশি বেশি ছক্কায় রান ফোয়ারাতেই ভাসছিল যেন মোহামেডান। দর্শক-আনন্দের অফুরান উৎসও হয়ে ছিলেন তিনি। ৩ ওভারে ৫০, ৭ ওভারে ১০০, ১৭ ওভারে ২০০-এই চিত্র তো এর আগে কখনো তাদের দেখা হয়ে ওঠেনি। মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার এই সেদিনও বলছিলেন,“ টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে একজন ব্যাটসম্যানকেই মূল ভূমিকাটা রাখতে হয়। অন্যদের সহায়ক ভূমিকা রাখলেই চলে।” জুনায়েদের ওরকম ব্যাটিংয়ের সময় সেই সহায়ক ভূমিকাটাই রাখছিলেন ফয়সাল হোসেন (৩৯*)। মোহাম্মদ রফিক, শরীফদের পর নিজে হাত ঘুরাতে এসেও ছক্কার ঝাপটা গায়ে লাগিয়েছেন আশরাফুল। ২০ বলে ফিফটিতে পৌঁছানো জুনায়েদ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ৫১ বলে। শরীফের বলে স্টাম্পড হওয়ার সময় তার নামের পাশে ১৩৪ রান, ৬৪ বলে! ছয়টি বাউন্ডারির পাশে প্রায় ডাবল ছক্কা! মোহামেডান ইনিংসের তখনো ১৩ বল বাকী। কে জানে উইকেটে থাকলে হয়তোবা তার দেড়শ’ও হয়ে যেত!

তা না হলেও মোহামেডান যে রানচূড়ায় পৌঁছালো, সোনারগাঁ তার কাছাকাছি পৌঁছাবে বলে কেউ ভেবে থাকলেও ভাবনার রাশ টেনে ধরেছেন নিশ্চয়ই। বিশেষ করে তাপস বৈশ্য ২৩ রানের ভেতর প্রতিপক্ষের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে তুলে নেয়ার পর। এখানে আবার তাদের ভাবনার ভুল। কারণ, আশরাফুলের ফুল হয়ে ফোটা। ছক্কা তিনটি বটে। কিন্তু তিনি একের পর এক দাগালেন ১৫ টি বাউন্ডারির তোপ। ১৯ বলে ফিফটি, ৪২ বলে সেঞ্চুরি করার পথে একবার আফতাবের সরাসরি থ্রোতে রান আউটের খাড়ায় অল্পের জন্য কাটা পড়লেন না। তার ব্যাটের ঝাঁঝে সবচেয়ে বেশী পুড়লেন হাসিবুল হোসেন শান্ত ও সাকিবের ইনজুরিতে মোহামেডানের একাদশে জায়গা পাওয়া অফস্পিনার রেজাউল ইসলাম। তাদের এক ওভার থেকে আশরাফুলের ২৮ রান করে তোলার ঘটনাও আছে।

জয়ের জন্য ১৭ বলে ৩২ রানের সমীকরণ যখন সামনে, তখনই ওই তাপসের বলে পয়েন্টে রেজাউলের ক্যাচ হয়ে আশরাফুলের (১০৪) ফেরার পরও সোনারগাঁর জয়ের আশা বিলীন নয়। তখনো আশা ছিল ইদানীং ব্যাটিংয়েও হাতপাকানো পেসার শরীফের জন্য। শেষ ওভার পর্যন্ত ম্যাচ ভাগ্যের নিষ্পত্তির জন্য অপেক্ষাটা তার ২৫ বলের ৪৬ রানের জন্যই। আর ম্যাচের এক বল বাকি থাকতে তাকেও শিকার করা মোহামেডানের পেসার তাপস বৈশ্য ২৯ রানে ৫ উইকেট নিলেও অনেকটা অগোচরেই থেকে গেলেন।

ব্যাটিং সূত্রেই যে এই ম্যাচটা জুগিয়ে গেল ক্রিকেট বিনোদনের অফুরন্ত খোরাক। ছক্কার রেকর্ড, দুটো সেঞ্চুরি এবং ৪৪৩ রান! এরপর আর কী চাওয়ার থাকতে পারে!

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান : ২০ ওভারে ২২৬/৪ ( ইমতিয়াজ ১২, জুনায়েদ ১৩৪, আফতাব ১৮, হাবিবুল ৫, ফয়সাল ৩৯*, তাপস ৩*, অতিরিক্ত ১৫, শরীফ ২/৪৯, আশিকুর ১/৩৩, ইলিয়াস ১/৪০)

সোনারগাঁ ক্রিকেটার্স : ২০ ওভারে ২১৭/৭ ( আল-শাহরিয়ার ২, ইজাজ ৩, অলক ১৪, আশরাফুল ১০৪, মার্শাল ২০, রফিক ১৬, শরীফ ৪৬, তাপস ৫/২৯, আফতাব ২/৫০)

ফল : মোহামেডান ৯ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : জুনায়েদ ইমরোজ সিদ্দিকী (মোহামেডান)