আরো এগিয়ে যেতে চান ফেদারার
এ বছর ১৭ টি টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনালে উঠেছেন ১৬টিতে। গ্র্যান্ডস্লাম একক জিতেছেন ৩টি। র্যাঙ্কিং পয়েন্টে নিজেকে এতটা এগিয়ে রেখেছেন যে জিমি কনর্সের টানা সবচেয়ে বেশি (১৬০) সপ্তাহ বিশ্বের এক নাম্বার থাকার রেকর্ড ভাঙ্গা শুধু সময়ের ব্যাপার।
এসব অর্জন একেবারেই কমাতে পারেনি তার ক্ষুধা। ভবিষ্যতে তাই নিজেকে আরো উুঁচুতে তুলে নিতে চান রজার ফেদারার।
এমনিতে ফেদারার আজ যে উচ্চতায় সেখান থেকে সর্বকালের সেরা হওয়ার হাতছানি টানতেই পারে তাকে। এ পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিতেছেন ৯টি। হয়েছেন এক মৌসুমে ৮ মিলিয়ন ডলারেরও বেশি প্রাইজমানি আয় করা প্রথম খেলোয়াড়। মাত্র ২৫ বছর বয়সেই তার রেকর্ড এত যে বলতে গেলে হয়রান হতে হবে। বলার মতো ব্যর্থতা একটাই-এখনো ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি রজার ফেদারার।
সুইজারল্যান্ডের এই সুপারস্টার ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দুদিনের জন্য এসেছিলেন ভারত সফরে। উদ্দেশ্য সুনামি আক্রান্ত রাজ্য তামিলনাড়ু সফর। ভারতে এসে ভবিষ্যতের কিছু লক্ষ্যের কথা বলতে গিয়ে ফেদারার জানিয়েছেন ফ্রেঞ্চ ওপেন জিততে পারলে একটা অতৃপ্তি দূর হবে ঠিকই,তবে অন্য কিছু অর্জনের দিকেও নজর থাকবে তার, “ ফ্রেঞ্চ ওপেন জিতলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। তবে সবার ওপরে রাখি উইম্বলডন আর র্যাঙ্কিংয়ে এক নাম্বার থাকতে পারাকে, কেননা এ দুটো বিষয়ই আমার জীবনকে বদলে দিয়েছে, বানিয়েছে আজকের এই আমি, এই খেলোয়াড়টিকে।” এর পর আরো কিছু লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি, “ডেভিস কাপ আর ২০০৮ সালে অলিম্পিক জিততে পারলেও দারুণ হয়। ওগুলো তো জেতা হয়নি আমার।”
