২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে খেলতে পারেন মুনাফ আর গৌতম গম্ভির

একজন ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ থেকেই দলের বাইরে। কারণ ইনজুরি। আরেকজন সফর করছেন দলের সঙ্গেই, কিন্তু সুযোগ পাননি প্রথম টেস্টে। মুনাফ প্যাটেল আর গৌতম গম্ভির। মঙ্গল বার ডারবানে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারেন দুজনই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

২৩ নভেম্বর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়ার পর থেকে আর মাঠে নামতে পারেননি মুনাফ প্যাটেল। শনিবার কোয়াজুলু নাটাল আমন্ত্রিত একাদশের বিপক্ষে নামলেন এবং নেমেই ৮ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়ে নিলেন ২ উইকেট। তার বোলিং দেখে কোচ গ্রেগ চ্যাপেল এতটাই সন্তুষ্ট যে ডারবান টেস্টে তরুন ফাস্ট বোলারটিকে খেলাবেন কিনা এ প্রশ্নে এক রকম হ্যাঁ-সূচক উত্তরই দিয়ে বসলেন,“ও আমাদের প্রথম সারির বোলারদের একজন। সুতরাং ফিটনেস ঠিক থাকলে ও খেলবে। আজ (রোববার) তো ও সবই ঠিকঠাক মতো করল। তাই ওর ব্যাপারে আমি আশাবাদী।”

এদিকে একই ম্যাচে হেসে উঠেছে গৌতম গম্ভিরের ব্যাট। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি তার। এ অবস্থায় ডারবানে ওয়াসিম জাফরের জায়গায় তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা দলে বড় কোনো পরিবর্তনের কথা এখনো শোনা না গেলেও ওপেনিংয়ে গ্রায়েম স্মিথের সঙ্গী পরিবর্তনটা মোটামুটি নিশ্চিত। এবার বোধহয় অধিনায়ক স্মিথের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামবেন এবি ডি ভিলিয়ার্স। আর জোহানেসবার্গ টেস্টেও জঘন্য ফর্মের প্রমান রাখা হার্শেল গিবস হয়তো ব্যাট করবেন ছয় নাম্বারে।