যুগ্ম চ্যাম্পিয়নশিপকে বৈধতা দিল হকি লিগ কমিটি
যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার পথেই হাঁটছে হকি ফেডারেশন। রোববার গ্রীন ডেল্টা হকি লিগ কমিটির সভা এরকম আভাষই দিয়েছে।
সভা শেষে হকি সম্পাদক কাজী মঈনুজ্জামান পিলা জানিয়েছেন, “আমরা বাইলজে কিছু পরিবর্তন এনে সিদ্ধান্তের জন্য কার্যনির্বাহী কমিটির সভায় পাঠিয়েছি।” আগের বাইলজে লিগের প্রথম লেগের পর শীর্ষ ৫ দলকে নিয়ে সুপার লিগ আয়োজনের কথা ছিল। সেই নিয়ম বাদ দিয়ে প্রথম লেগের পর পয়েন্ট তালিকায় দলগুলোর অবস্থান বিবেচনা করে চ্যম্পিয়ন ও রানার্স আপ নির্ধারন করার সিদ্ধান্ত হয়েছে।
গত ৮ নভেম্বর আবাহনী - ঊষা ম্যাচে দুই খেলোয়াড়ের মারামারি মাঠময় ছড়িয়ে পড়লে খেলা বন্ধ হয়ে যায়। পরের দিন অবশ্য নতুন করে শুরু হওয়া ওই ম্যাচে আবাহনী জিতেছিল। সে অবস্থায় প্রথম লেগ শেষে ২১ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছিল আবাহনী ও ঊষা। কিন্তু মোহামেডান ও মেরিনার্স মারামারির জন্য শাস্তি দাবি করে লিগ বয়কট করার সিদ্ধান্ত নিলে ওখানেই থেমে যায় হকি লিগ।
সেজন্য লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষনা করতে বাইলজ পরিবর্তনেরও প্রয়োজন পড়েছে। এর আগে ২২ নভেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় হকি ফেডারেশন সভাপতি যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণারই ইঙ্গিত দিয়েছিলেন। সেটাকে বৈধতা দিতেই রোববার হকি লিগ কমিটি নিয়ম পরিবর্তন করে প্রথম লেগের পয়েন্ট তালিকা পাঠিয়েছে কার্যনির্বাহী কমিটির কাছে। সেখান থেকেই আসতে পারে শীর্ষে থাকা হকি লিগে আবাহনী ও ঊষাকে যুগ্ম চ্যাম্পিয়ন স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষনা।
