জেতার কথা ভাবতেই পারছিলেন না হাবিবুল!
বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে তখন ‘বিগশট’ খেলা ভীষণ জরুরী আবাহনীর জন্য। কিন্তু সেভাবে ব্যাট করাতে ঝুঁকি দেখছিলেন তাদের অধিনায়ক খালেদ মাসুদ, “তুলে মারা খুব কঠিন ছিল, বল লো হচ্ছিল তো ...!”
তবুও যে হাঁকানোর চেষ্টা ছিল না, তা নয়। তেমনই একটা শটে বাউন্ডারি বাঁচানোর জন্য জান বাজি রেখে লড়ে সফল হলেন ম্যাচে মোহামেডানের সেরা বোলার সাকিব আল হাসান। আবাহনীর ইনিংসে আবার দুটো রানআউটও ছিল। সব মিলিয়ে টুয়েন্টি - টুয়েন্টিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ৯ রানের জয়ের কৃতিত্বটা নিজ দলের বোলার-ফিল্ডারদের মাঝে বিলিয়ে দিতে একটুও কার্পন্য করলেন না মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার। তাদের এমন পারফরম্যান্সের আগে জেতার কথা ভাবার সাহসই তো হয়নি তার। রোববার টুয়েন্টি - টুয়েন্টিতে আবাহনীর সঙ্গে প্রথম দেখায় জয়ের রেশ কাটতে না কাটতেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে বলে গেলেন,“আসলে আমরা ১১৫ রান করার পরও ম্যাচ জিতব, এমন আশা করিনি।”
তবে বোলার - ফিল্ডাররা এরপর যে আশার ঝলক দেখিয়েছেন, তা হাবিবুলের মুখে হাসির ঝলক এনে দিয়েছে শেষপর্যন্ত,“আমাদের বোলাররা আজ খুবই ভালো করেছে। ফিল্ডিংটাও হয়েছে দারুণ। রান কম করেও জেতার কৃতিত্বটা তাই বোলার-ফিল্ডারদেরই।”
কিন্তু মোহামেডানকে অল্পতে বেঁধে রেখেও জেতা গেল না বলে নিজ দলের ব্যাটসম্যানদেরই দুষেছেন আবাহনী কোচ আমিনুল ইসলাম,“আমাদের ব্যাটসম্যানদের প্রয়োগ ক্ষমতার অভাব দেখা গেছে এই ম্যাচে।” এই কথায় সম্মতি পাওয়া গেল অধিনায়ক খালেদ মাসুদেরও। আবাহনীর কোচ - অধিনায়কের কথা শুনলেন। কিন্তু মোহামেডানের কোচ কোথায়? উত্তর - নেই। আক্ষরিকঅর্থেই নেই। আশ্চর্য হলেও সত্য, এখনো কোচ ছাড়াই খেলছে মোহামেডান!
