২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবের কাছেই হেরে গেল আবাহনী

বিকেএসপির দুই নাম্বার মাঠে দর্শক শূন্যতাকে সাক্ষী রেখেই ম্যাচটা হয়ে গেল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পরও মোহামেডানের ড্রেসিংরুম থেকে ভেসে আসা আনন্দের হই - হল্লা বুঝিয়ে দিচ্ছিল, দর্শক উপস্থিতির প্রাণ হারালেও আবাহনী - মোহামেডান ‘মর্যাদার লড়াই’ এখনো মান হারায়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আর এই দু’দলের লড়াই মানেই খেলোয়াড়দের জন্য একটা øায়ুক্ষয়ী ম্যাচ। বহুদিন ধরে প্রচলিত কথাটা এ ম্যাচেও চালু ছিল বলে মনে করেন খোদ মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার,“আবাহনী - মোহামেডান ম্যাচের আগের সেই রমরমা এখন হয়তো নেই। তবে এই দু’দলে কিন্তু অনেক তরুন খেলোয়াড়। তাদের কাছে এ ম্যাচের অর্থ অন্যরকমই হওয়ার কথা। তাই আমার মনে হয়েছে, øায়ুক্ষয়ের ব্যাপারটা এ ম্যাচেও ছিল।” টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১১৫ রানে বেঁধে রাখার পরও যে আবাহনী ৯ রানে ম্যাচটা হারল, তার পেছনেও কী ওই øায়ুক্ষয়? আবাহনী অধিনায়ক খালেদ মাসুদ কিছুতেই মানলেন না,“তেমন কিছুই নয়।”

তেমন কিছু থাকার নমুনা অবশ্য দেখা গেছে। রান তাড়া করতে নামার পর আবাহনীর ব্যাটসম্যান তুষার ইমরানের সঙ্গে যেমন উইকেটের ওপরই একচোট লেগে গেল মোহামেডানের ফয়সাল হোসেনের। টার্গেট ১১৬ - আবাহনীর পক্ষে ‘এ আর এমন কী’ ভাবনার পালে হাওয়া জোগানো নাজমুস সাদাত (১৬) ও নাজিমউদ্দিনদের (২৬) রান আউট দিয়েই ধ্বসের শুরু। হাবিবুল তো তাদের মতো তরুনদের øায়ুক্ষয়ের কথাই বলছিলেন! এরপরও আবাহনীর জয়কে ভবিতব্য ধরার কারণ ছিল।

আবার না ধরার কারণও হয়ে গেলেন একটু আগেই নাঈম ইসলামের (০) রিটার্ন ক্যাচ নেয়া মোহামেডানের সফলতম বোলার সাকিব আল হাসান (৩/১৭)। এক বলের ব্যবধানে তুষার ইমরান (২০) এবং মাশরাফি বিন মর্তুজাকে (০) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। তবুও শেষ একটা চেষ্টা করছিলেন অধিনায়ক মাসুদ। তবে শেষ ওভারে ১৩ রানের সমীকরন মেলানো মাসুদের পক্ষে একটু কঠিনই ছিল। কেন? টুয়েন্টি - টুয়েন্টিতে ব্রাদার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তার ৩৩ বলে খেলা অপরাজিত ৬ রানের ইনিংসটার কথা বললেই তার বিগ শট খেলার অক্ষমতা বোঝা যাওয়া উচিত! মাসুদের অপরাজিত ১৫ রানের ইনিংসে কোনো বাউন্ডারিই নেই! তারওপর শেষ ওভারে নবম উইকেট হারানোয় এমনিতেই একটা বল কমিয়ে ফেলেছিল!

তাদের চেয়ে একটা জয় বেশী নিয়েও অবশ্য এখনো মোহামেডানের সেমিফাইনাল নিশ্চিত নয়। চার ম্যাচের সব কটাতেই জেতা হাবিবুলের দল সোমবার মুখোমুখি হচ্ছে সোনারগাঁ ক্রিকেটার্সের। যারা আবাহনীর মতোই তিন ম্যাচ জিতেছে। আবাহনী সোমবার ইন্দিরা রোডকে হারাবে বলেই ধরে নেয়া যায়। আর সোনারগাঁও মোহামেডানকে হারিয়ে দিলে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে বি গ্রুপের দুই সেমিফাইনালিস্ট ঠিক করতে রান রেটের হিসাব কষতে হবে। সে কারণেই জিতেও নিশ্চিত নয় মোহামেডান।

রোববার বিকেএসপিতে তাদের সকালটাও ছিল দুশ্চিন্তার। কারণ, আবাহনীর মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা। শুরুটা অবশ্য তার মাধ্যমে হওয়া ওপেনার জুনায়েদ সিদ্দিকীর রানআউট দিয়ে। এরপর নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে তিন উইকেট ( ওপেনার ইমতিয়াজ হোসেন ১২, হাবিবুল ২ ও ফয়সাল ০- পরের দুজন এক বলের ব্যবধানে আউট) নিয়ে প্রতিপক্ষকে ৩৩ - ৪ বানিয়ে ফেলেন মাশরাফিই। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নি:সন্দেহে তিনিই। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচের সেরা হতে পারলেন না।

ম্যাচের সেরা হলেন আফতাব আহমেদ। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও জ্বলজ্বল করতে থাকা ম্যাচের একমাত্র ইনিংসটা মোহামেডানের এই ব্যাটসম্যানেরই। দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে রাখাই শুধু নয়, মোহামেডানের ১১৫ রানের অর্ধেকের বেশীই (৬৬) তার ব্যাট থেকেই আসা। যখন জানবেন তার ইনিংসটি দলের পক্ষে (ম্যাচেরও) সর্বোচ্চ এবং এরপরে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১২, তখন তার ইনিংসটার মাহাত্ম বাড়তে বাধ্য। মাত্র ৬০ বলে ৮ বাউন্ডারির ইনিংসটা মাশরাফির বলে স্কয়ার কাট করে শেষ হয়। পয়েন্টে লাফিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় মানজারুল ইসলাম দুর্দান্ত ক্যাচটা নেয়ার পর আবাহনী কোচ আমিনুল ইসলাম বলে ফেললেন,“উইকেটটা মাশরাফির নয়, মাঞ্জারুলের হওয়া উচিত।”

আপাত সহজ টার্গেট কঠিন করে হারার পর আরো অনেক কিছুকেই হয়তো ‘উচিত’ বলে মনে হয়েছে তার!

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান : ২০ ওভারে ১১৫/৯ ( ইমতিয়াজ ১২, আফতাব ৬৬, হাবিবুল ২, সাকিব ৬, তাপস ৯, আরাফাত ৮, মাশরাফি ৪/১৮, মাঞ্জারুল ২/১৮, জিয়াউর ১/৩৪, শাহজাদা ১/১৬)

আবাহনী : ২০ ওভারে ১০৬/৯ (নাজমুস ১৬, নাজিম ২৬, তুষার ২০, মাঞ্জারুল ১০, মাসুদ ১৬*, মঞ্জুরুল ১/২১, তাপস ২/২৬, হাসিবুল ১/২২, সাকিব ৩/১৭)

ফল : মোহামেডান ৯ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : আফতাব আহমেদ (মোহামেডান)