২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি-টুয়েন্টিতে মোহামেডান-আবাহনী লড়াই

মোহামেডান-আবাহনী ক্রিকেট লড়াইয়ের গ্যালারিভরা সুদিন আর নেই। স্মৃতির জানালা খুলে দূর অতীতে তাকিয়ে তাই এখন হাপিত্যেশই করতে হচ্ছে আমিনুল ইসলামকে,"সেই দিনগুলো যদি আবার ফিরিয়ে আনা যেত!"

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 10:48 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক জানেন, সেটা হয়তো আর কোনোদিনই হয়ে উঠবে না। তাই রোববার কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের মোহামেডান-আবাহনীর লড়াইতেই মজে যেতে চাইলেন। এই ম্যাচটা তার জন্য হতে যাচ্ছে একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। খেলোয়াড়ী জীবনে মোহামেডানের হয়ে খেলতে খেলতে তাদের ‘ঘরের ছেলে’-ই বনে গিয়েছিলেন। আর তাকেই কিনা নামতে হচ্ছে মোহামেডানের বিপক্ষে, আবাহনীর কোচের ভূমিকায়। তিনি অবশ্য এতে পেশাদারিত্বের আবরণও পরিয়ে ফেলছেন,“খেলোয়াড়ী জীবনে কখনো আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে খেলা হয়নি। ক্যারিয়ার শেষ করে এসে সেই অভিজ্ঞতাই হতে যাচ্ছে। এটাই তো পেশাদারিত্ব।”

পেশা যখন, এখানে পেশাদারী শ্রদ্ধাও চলে আসছে। মোহামেডান প্রথম দুই ম্যাচে কোনোমতে জিতেছে জেনেও সেগুলোকে আমলেই নিতে চাইছেন না আমিনুল,“বলা যায় বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং স্তম্ভটাই মোহামেডানের। হাবিবুল, আফতাব ও সাকিবরা আছে। খুব ভালো দল। ওদেরকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে আমাদের।”

জাতীয় দলের তিন ব্যাটসম্যান এখনো তেমন রান পাননি টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে। আর এটা ২০ ওভারের ক্রিকেট বলে আগাম কিছু বলার পক্ষপাতী নন মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার, “টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটটা আসলে জুয়া খেলার মতো। এখানে কী হবে, তা আগে থেকে বলে সুবিধা করা যায় না।” তবে আবাহনীর প্রতি সমীহ ঠিকই আছে তার,“আবাহনী দলটা খুব ভালো হয়েছে এবার। মাশরাফিকে পেয়েছে ওরা। তুষার ইমরানের মতো ভালো ব্যাটসম্যানও আছে। পাইলট (খালেদ মাসুদ) আছে।”

হাবিবুল তবু গতবছর মোহামেডান-আবাহনী ম্যাচ খেলেছেন। কিন্তু আবাহনী অধিনায়ক খালেদ মাসুদ খেলছেন প্রায় ১০ বছর পর। শনিবার রাতে টেলিফোনে জানালেন,“১৯৯৭-তে সর্বশেষবার আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে খেলেছিলাম। এরপর কাল ( রোববার) খেলবো।” এই ম্যাচটা খেলতে গিয়ে আমিনুলের মতো তারও নিশ্চয়ই গ্যালারিভরা সুদিনের কথা মনে পড়বে। বিশেষ করে খেলাটা যখন হবে ঢাকা থেকে অনেক দূরে, বিকেএসপিতে!