খালেদ মাহমুদই হচ্ছেন স্থায়ী ম্যানেজার?
জাতীয় ক্রিকেট দলের জন্য স্থায়ী ম্যানেজার চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন উদ্যোগ নিলেও সে উদ্যোগ প্রশ্নবিদ্ধ হওয়ায় কাজ হয়নি। তবে এবার নতুন করে নেওয়া হচেছ উদ্যোগ। সব কিছু ঠিক থাকলে স্থায়ী ম্যানেজা হয়ে যেতে পারেন খালেদ মাহমুদ।
বিসিবির দেওয়া পত্রিকার বিজ্ঞাপনে বেশ সাড়া পড়েছিল তখন। আবেদন করেছিলেন বাংলাদেশ দলের একাধিক সাবেক অধিনায়ক। কিন্তু তাদের নয়, বিসিবি অবসরপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তাকে বেছে নেওয়ার ব্যাপারেই আগ্রহী ছিল বেশী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তেমন একজনকে নিয়োগ দিয়েই বিপাকে পড়ে গিয়েছিল দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ফ্লাইট লেফটেনান্ট (অব.) হারুনুর রশীদের বিতর্কিত অতীত প্রচারের আলোতে আসায় শেষপর্যন্ত তাকে সরিয়ে দিতে বাধ্য হয় বিসিবি।
তড়িঘড়ি ক্রিকেট একাডেমির অপারেশন্স ম্যানেজার পদে কর্মরত সাবেক অধিনায়ক খালেদ মাহমুদকে দলের ম্যানেজার করে পাঠানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর থেকে তিনিই আছেন। ছিলেন দেশের মাটিতে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে হোমসিরিজ দুটোতেও। তবে এভাবে আর নয়। বিশ্বকাপের আগেই স্থায়ী ম্যানেজার পদে একজনকে নিয়োগ দিতে চায় বিসিবি। এক্ষেত্রে আপাতত এক ও অদ্বিতীয় পছন্দ খালেদ মাহমুদ। বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন তা,“শুক্রবার ক্রিকেট কমিটির সভায় স্থায়ী ম্যানেজার নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রায় সবাই মাহমুদকে রাখার পক্ষেই মত দিয়েছেন। ম্যানেজার হিসেবে তিনি তো ভালোই করছেন।”
অবশ্য এখনই সেটাকে চূড়ান্ত বলতে পারছেন না মাহমুদুর,“ক্রিকেট কমিটির সভায় এটা আলোচনা হয়েছে মাত্র। বিষয়টা অনুমোদনের জন্য বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় তুলতে হবে। কার্যনির্বাহী কমিটি অনুমােদন করলেই স্থায়ী ম্যানেজার হবেন মাহমুদ। এখানে অন্য কিছু বিষয়ও চলে আসবে। কেননা তিনি তো এখনও ক্রিকেট একাডেমির অপারেশন্স ম্যানেজার। স্থায়ী ম্যানেজার করতে হলে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্ন আসবে। আসলে কার্যনির্বাহী কমিটির সভার পরই সিদ্ধান্তটা আসবে।”
কিন্তু সেই সভাটা কবে হবে? বিসিবি সিইও’র উত্তর,“জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কার্যনির্বাহী কমিটির সভা ডাকার চেষ্টা করছি আমরা।”
