টাইব্রেকারের নিষ্পত্তিও দেখা হলো
আয়তাকার উইকেটে কোনো ব্যাটসম্যান নেই। পেছনে উইকেটকিপার তো বটেই, চার পাশে কোনো ফিল্ডারও বলের অপেক্ষায় নেই। তারা শুধু অপেক্ষায়, যেমন অপেক্ষায় ফুটবলের টাইব্রেকারের সময় দুদলের খেলোয়াড়রা থাকেন। কী হয়, কী হয় - দুশ্চিন্তা তাদেরও। নিজ দলের পাঁচ বোলারের লক্ষ্যভেদই তাদের দুশ্চিন্তা থেকে মুক্তির নিশ্চয়তা। দু’দলের পাঁচজন - পাঁচজন বোলার উন্মুক্ত স্টাম্পে একটা করে বল করবেন। স্টাম্পে লাগাতে পারলেই হবে।
টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেটের ফল নিষ্পত্তির জন্য টাইব্রেকারের নিয়মটা এমনই। শুরুতেই এটা উল্লেখ করার কারণ, কাই - অ্যালটেক টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেটের তৃতীয় দিনে টাইব্রেকারের নিষ্পত্তিও দেখা হয়ে গেছে। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে কলাবাগানের বিপক্ষে আগে ব্যাট করে বিমান করে ৯ উইকেটে ১১৫ রান। কলাবাগানও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সমান রান করায় এই প্রথম যেতে হয় টাইব্রেকারে। তাতে কলাবাগানের বোলাররা তিনবার স্টাম্প ভাঙ্গলেও বিমানের বোলাররা পেরেছেন দুবার। টাইব্রেকারে কলাবাগানের ৩ - ২ - এর জয় সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে তিন ম্যাচের দুটোতে হারা বিমানকে।
একইরকম নিষ্পত্তির কথা ভাবিয়েছিল বিকেএসপির দুই নাম্বার মাঠে হওয়া সোনারগাঁ ক্রিকেটার্স - আবাহনী ম্যাচও। শেষ পর্যন্ত না হলেও এটাই দিনের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ হয়ে থেকেছে। ১৬ রানে ৫ উইকেট নেয়া সোহরাওয়ার্দী শুভ সোনারগাঁকে ১১২ রানে গুটিয়ে দিলেও আবাহনীকে জিততে হয়েছে ম্যাচের শেষ বলে। সব ম্যাচ জিতে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হচ্ছে আবাহনী।
শনিবার ফতুল্লায় ওপেনার জুনায়েদ সিদ্দিকীর দিনের সর্বোচ্চ ৮০ রানে ভর করে বড় স্কোর করা মোহামেডানও ৬১ রানে ইয়াং পেগাসাসকে হারিয়ে পেয়েছে টানা তৃতীয় জয়। রোববারের আবাহনী - মোহামেডান ম্যাচে তাই যারা জিতবে তাদেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল একরকম নিশ্চিত করে ফেলেছে ওল্ড ডিওএইচএস। টানা তৃতীয় জয়ের পথে সিটি ক্লাবের ১৩৪ রান তাড়া করতে নেমে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়নরা এক পর্যায়ে ভীষন বিপদে ছিল। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৭৬। তারপরও ৭ বল বাকি থাকতেই তাদের অনায়াস জয়ের কারণ মাত্র ৪৩ বলে নাদীফ চৌধুরীর অপরাজিত ৬২ রান।
একই মাঠে দিনের অন্য ম্যাচে পেসার সাইফুল ইসলামের বোলিং (৪/১১) ইন্দিরা রোডের বিপক্ষে সুগম করেছে ব্রাদার্সের ৭ উইকেটে সহজ জয়ের পথ। দিনের আরেক ম্যাচে পারেটক্সের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনাল একরকম নিশ্চিত ভিক্টোরিয়ারও।
সংক্ষিপ্ত স্কোর
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম
সিটি ক্লাব : ২০ ওভারে ১৩৪/৯ ( গাজী সালাউদ্দিন ৫৩, সিরাজুল্লা খাদেম ২৩*, শাহাদাত ২/১৭, খালেদ মাহমুদ ২/১৫, মেহরাব জুনিয়র ৩/১৮, রাজ্জাক ১/২৪, এনামুল জুনিয়র ১/৩২)
ডিওএইচএস : ১৮.৫ ওভারে ১৩৫/৫ ( তামিম ১৩, নাদীফ ৬২*, রাজ্জাক ৩০*, তারেক ১/২৫, কামরুল ১/২৩, ফরিদ ১/১৭, ইশরাক ১/২৮, সিরাজুল্লা খাদেম ১/৩১)
ফল : ডিওএই্চএস ৫ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : নাদীফ চৌধুরী ( ডিওএইচএস)
ইন্দিরা রোড : ১৯.৪ ওভারে ১১৬/১০ ( আশিকুর ৪৬, রাসেল ১৬, অতিরিক্ত ১১, সাইফুল ৪/১১, দেবব্রত ২/২৯, হুমায়ুন ২/২১, নাজমুল ১/২৯)
ব্রাদার্স : ১৮.৫ ওভারে ১১৭/৩ ( শাহরিয়ার ২০, হান্নান ১৮, ইমরান ৩৪*, হুমায়ুন ৩১, ইউনুস ১/১৭, তরিকুল ১/১২)
ফল : ব্রাদার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : সাইফুল ইসলাম ( ব্রাদার্স )
নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম
মোহামেডান : ২০ ওভারে ১৬৪/৮ ( জুনায়েদ সিদ্দিকী ৮০, ফয়সাল ৪১, আফতাব ৭, হাবিবুল ৭, দেলোয়াড় ৩/২৪, সানি ২/২৪, জুবায়ের ৩/২৪)
ইয়াং পেগাসাস : ২০ ওভারে ১০৩/৮ ( আসিফ ১৩, লালমোহন ৩২, সানি ১৪, মঞ্জুরুল ১/১১, হাসিবুল ১/২২, সাকিব ১/২৫, আরাফাত সানি ২/৯, হাবিবুল ৩/১২)
ফল : মোহামেডান ৬১ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : জুনায়েদ সিদ্দিকী ( মোহামেডান)
বিমান : ২০ ওভারে ১১৫/৯ ( জাভেদ ২২, ফরহাদ ১৯, মোশাররফ রুবেল ১৬*, আরাফাত ১/১৫, মাহবুবুল করিম ২/১৮, রেজাউল ২/১৮, রাশেদুল ২/১৮)
কলাবাগান : ২০ ওভারে ১১৫/৫ ( গোলাম ১৬, উত্তম ২৮, মাহবুবুল করিম ৪৪, সৈয়দ রাসেল ২/২৪, নিয়াজ ১/১৬, ফরহাদ ১/১৯, মোশাররফ রুবেল ১/৯)
ফল : কলাবাগান টাইব্রেকারে ৩-২ এ জয়ী
ম্যান অফ দি ম্যাচ : মাহবুবুল করিম (কলাবাগান)
বিকেএসপি দুই নাম্বার মাঠ
সোনারগাঁ ক্রিকেটার্স : ১৬.৩ ওভারে ১১২/১০ ( ইজাজ ২৬, অলোক কাপালি ৩২, আশরাফুল ১১, রফিক ১২, ধীমান ১২, জিয়াউর ১/২৭, শাহজাদা ৩/১৬, সোহরাওয়ার্দী শুভ ৫/১৬)
আবাহনী : ২০ ওভারে ১১৩/৭ ( নাজমুস ১৪, তুষার ৬১, রবীন ১/১৯, রফিক ২/৩০, শরীফ ৩/২৫)
ফল : আবাহনী ৩ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : সোহরাওয়ার্দী শুভ ( আবাহনী)
ভিক্টোরিয়া : ২০ ওভারে ১৮০/৭ ( নাসিরুদ্দিন ফারুক ৩৪, হাসানুজ্জামান রোজেল ৭৩, মিলন ২৫, শিরহান শরীফ ২/২৭, নিয়ামুর ২/২৯)
পারটেক্স : ২০ ওভারে ১১৪/৯ ( রাজিন ২১, রফিকুল ৫৬, শুভ্র ৩/১৬, সাব্বির ২/৩১, শিপলু ২/২৪)
ফল : ভিক্টোরিয়া ৬৬ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : হাসানুজ্জামান রোজেল (ভিক্টোরিয়া)
