মিথ্যা অভিযোগে শুটিং ফেডারেশনে ‘নিষিদ্ধ’ গাফ্ফার!
শুটিং ফেডারেশনে প্রেবেশাধিকার নেই সাবেক জাতীয় শুটার ও শুটিং কোচ এম এ গাফ্ফারের। তার এ অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গত ১৯ ডিসেম্বর তার কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।
এম এ গাফ্ফারের বিরুদ্ধে অভিযোগ, গত ১১ অক্টোবর শুটার শারমিন আক্তারকে প্র্যাকটিসে বাধা দিয়েছেন এবং “দেখে নেবো বলে” হুমকি দিয়েছেন।
ফেডারেশনের পাঠানো চিঠি হাতে পেয়ে বিস্মিত হয়েছেন গাফ্ফার। তার দাবি, “ওই দিন শারমিনের সঙ্গে আমার কথাই হয়নি। কাউকে আমি প্র্যাকটিসে বাধাও দিই নি। দিনটা ছিল ঘৃণা স্বাক্ষর অভিযান শুরুর দিন, আমি বাইরে লোকজনের স্বাক্ষর নেওয়াতেই ব্যস্ত ছিলাম। সেদিন যেসব শুটার ফেডারেশনে উপস্থিত ছিল তারা এ বিষয়ে আরো ভালো বলতে পারবে।”
ঘটনার দিন উপস্থিত ছিলেন শুটার সুরমি, তিনি জানিয়েছেন, “ ঘটনার দিন আমরা ক্যাম্পের শুটাররাই ছিলাম, গাফ্ফার ভাই ছিলেন না। আহত শুটারদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা প্র্যাকটিস করবো না, এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা চীনা কোচকে জানানোর পর তিনি প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলেন।”
তাকে অভিযুক্ত করে পাঠানো চিঠিটি দেখার পর গাফ্ফারের সন্দেহ, “শুটারদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সাবেক শুটাররা আন্দোলন করেছিল। সেজন্যই শারমিনকে দিয়ে একটা অভিযোগ লিখিয়ে নিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে ফেডারেশনের কয়েকজন। অভিযোগ অনুযায়ী ঘটনা ঘটেছে ১১ অক্টোবর। কিন্তু দুমাস পর আমাকে চিঠি দেওয়া হলো। এটাই প্রমাণ করে দেয়, তাদের উদ্দেশ্য আসলে হয়রানি করা।”
এ বিষয়ে কথা বলার জন্য শারমিনের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গত ২ অক্টোবর গুলশান শুটিং ফেডারেশনে শুটারদের লাঠিপেটা করেছিল পুলিশ। তাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন শুটার আসিফ, শোয়েব ও কয়েকজন ফেডারেশন কর্মচারী। ওই সময়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরির রহস্যজনক ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল এবং বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তার প্রতিবাদ করেছিলেন বর্তমান ও সাবেক শুটাররা।
গাফ্ফারকে পাঠানে চিঠিতে ফেডারেশন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বাবলু, আব্দুল করিমকে নিয়ে একটা একটা তদন্ত কমিটির কথা বলা হয়েছে। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ফেডারেশনে যেতে নিষেধ করার কথা উল্লেখ করা হয়েছে।
সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আদালতের শরনাপন্ন হবেন বলে জানিয়েছেন গাফ্ফার।
