দক্ষিণ আফ্রিকায় পুরো টেস্ট সিরিজ মিস করতে পারেন আব্দুর রাজ্জাক
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই পাকিস্তান দলের জন্য একটা দুঃসংবাদ-ইনজুরির জন্য টেস্ট সিরিজ মিস করতে পারেন আব্দুর রাজ্জাক। ইনজুরির জন্য পাকিস্তানের এই অলরাউন্ডারের পক্ষে খুব শিগগির মাঠে নামা প্রায় অসম্ভব।
১৬ ডিসেম্বর করাচিতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন আব্দুর রাজ্জাক। শুক্রবার পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স সেলিম আলতাফ জানিয়েছেন রাজ্জাকের কাফ মাসল ইনজুরিটা বেশ কিছুদিন ভোগাবে, “ ডাক্তাররা বলছেন ওকে (রাজ্জাক) অন্তত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই (দক্ষিণ আফ্রিকা) সফরের প্রথম দুটো টেস্ট ও খেলতে পারবে না। ভাগ্য ভালো থাকলে হয়তো তৃতীয় টেস্টটা খেলতে পারবে।”
জানুয়ারিতে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, একটি টুয়েন্টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ও ৫ টি ওয়ানডে খেলবে পাকিস্তান।
