২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়ার ম্যাচে জিতল শ্রীলংকা

অনেকদিন পর আবার ব্যাট হাতে দেখা গেল সেই সনাৎ জয়াসুরিয়াকে। শুধু ব্যাট হাতে কেন, শুক্রবার ওয়েলিংটনে টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে বল হাতেও জয়াসুরিয়া দেখিয়েছেন তার সামর্থ। ফলে যে ম্যাচটি হতে যাচ্ছিল বৃষ্টিবিঘ্নিত অসমাপ্ত ম্যাচ, সেই ম্যাচ হয়ে গেল জয়াসুরিয়ার। পরে ব্যাট করেও ১৮ রানে জিতে গেল শ্রীলংকা!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পরে ব্যাট করে রানে জেতা আপাত দৃষ্টিতে অবাক হওয়ার মতো মনে হলেও ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে তা একেবারেই স্বাভাবিক। তাই আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করা নিউজিল্যান্ডকে হার মানতে হয়েছে ৬ ওভারও বল না করেই। ৫.৫ ওভারে ১ উইকেটে ৬২ রান করেই জিতে গেছে শ্রীলংকা।

অবশ্য যতটা সহজ শোনাচ্ছে আসলে জয় তত সহজ ছিলনা মাহেলা জয়াবর্ধনের দলের জন্য। প্রথম উইকেট জুটিতে ব্রেন্ডন ম্যাককালামের (৩৯) সঙ্গে ৮০ রানের জুটি গড়ে দলকে খুব ভালো সূচনাটাই দিয়েছিলেন স্টিফেন ফ্লেমিং (৩৮)। কিন্তু ফারবিজ মাহরুফ ফ্লেমিংকে বোল্ড করে বহু প্রতীক্ষিত ব্রেক-থ্রু এনে দিতেই দারুণভাবে ম্যাচে ফেরে সফরকারীরা। চার চারটি বিশাল ছক্কা মারা ম্যাককালাম হয়ে যান মুরালিধরনের শিকার। বোলিংয়ে এসে জয়াসুরিয়াও ঝটপট তুলে নেন জেমস ফ্র্যাঙ্কলিন, নাথান অ্যাস্টল আর জেমস মার্শালের উইকেট। এরপর আর ১৭০ থেকে ১৮০ রানের লক্ষ্যটাকে ধরতে পারেনি নিউজিল্যান্ড।

শুরুতেই উপুল থারাঙ্গাকে হারানো শ্রীলংকা ওই ১৬২ পেরোতেও হয়তো হিমশিম খেতো। সেরকম না হওয়ার কারণ খারাপ আবহাওয়া আর সনাৎ জয়াসুরিয়া। বৃষ্টি খেলা পন্ড করে দেবে-এই ভয়ে বড় বেশি আক্রমনাত্মক হয়ে উঠেছিলেন। পরিনামে ১০ টি চার ও ১ টি ছক্কাসহ শ্রীলংকার সাবেক অধিনায়কের ব্যাট থেকে এলো ২৩ বলে ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস। এই ইনিংসের সঙ্গে বোলার জয়াসুরিয়ার পারফরম্যান্স (২১ রানে ৩ উইকেট) যোগ করলে ম্যাচটাকে কিন্তু পুরোপুরি সনাৎ জয়াসুরিয়ারই মনে হয়।

মঙ্গলবার আরেকটি টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড-শ্রীলংকা । তারপর দু দেশের মধ্যো শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।