বাংলাদেশের ক্রিকেটারদের ডোপ টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত শুক্রবার
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই ড্রাগের কালো থাবা শোরগোল তুলেছিল সবচেয়ে বেশি। ভারতে গিয়েও ডোপ টেস্টে পজিটিভ প্রমানিত হওয়ার খবরে দেশে ফেরার ফ্লাইট ধরতে হয়েছিল পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজ উদ্যোগে তাদের ক্রিকেটারদের ড্রাগ টেস্ট করিয়েছিল। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও এমন একটা উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেছেন।
যদিও তারা নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা খুবই নিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকেন। তবুও ‘আমাদের ক্রিকেটাররা ড্রাগমুক্ত’-এমন একটা সার্টিফিকেট নিয়েই বিশ্বকাপে খেলতে যাওয়াকে নিরাপদ মনে করছেন বিসিবির অনেক শীর্ষকর্তা। কিন্তু তাদের মতামত সিদ্ধান্ত আকারে আসতে হলে বিষয়টা তুলতে হবে ক্রিকেট অপারেশন্স কমিটির সভায়। শুক্রবার অনুষ্ঠেয় সভাতেই তা তোলা হবে বলে বৃহষ্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন বিসিবির সাধারন সম্পাদক মাহবুব আনাম,“কাল ক্রিকেট কমিটির সভা আছে। সেখানে ডোপ টেস্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা।”
সিদ্ধান্তটা হাবিবুল বাশার-মাশরাফি বিন মর্তুজাদের ডোপ টেস্টের মুখোমুখি করার পক্ষেই হওয়ার কথা। আর খেলোয়াড়দের মূত্র নমুনার এই পরীক্ষা যে কোনো ল্যাবরেটরি থেকেই করালে হয় না, করাতে হয় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) অনুমোদিত ল্যাবরেটরি থেকে। কিন্তু তেমন কোনো ল্যাবরেটরি বাংলাদেশেই শুধু নয়, নেই গোটা ভারত উপমহাদেশেও। কাছেধারে আছে শুধু মালয়েশিয়াতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের মূত্র নমুনার পরীক্ষা করিয়েছিল সেখান থেকেই। দেশে ওয়াডা অনুমোদিত কোনো ল্যাবরেটরি না থাকলেও মাহবুব কোনো সমস্যা দেখছেন না এজন্যই, “পাকিস্তানেও তো ছিল না। ওরা করিয়েছে না! আমরাও সেভাবেই কাছের কোনো দেশের ওয়াডা অনুমোদিত ল্যাব থেকে করিয়ে আনব।”
