২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থসঙ্কটই দলবদলে পিছিয়ে রাখল ব্রাদার্সকে?

আগের মতো খোলা হাত নেই তার। তার তরফ থেকে অর্থ-প্রবাহ কমে যাওয়ায় দলবদল নিয়ে ভীষণ বিপদে পড়ে গেছে ব্রাদার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সেই তিনি ঢাকার সিটি মেয়র সাদেক হোসেন খোকা, যার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ব্রাদার্সের পুর্নজাগরণ ঘটেছিল ২০০৩ সালে। বাংলাদেশের ফুটবল মাঠে সত্যিকারের এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল গোপীবাগের এই ক্লাবটির। পরের বছরও মেয়রের সৌজন্যেই অব্যাহত ছিল সেই ধারা। কারণ তিনিই এই ক্লাবটির চেয়ারম্যান। কিন্তু এবার নানা কারণে ক্লাবের দিকে অতটা মনযোগী হতে পারছেন না, সুবাদে ক্লাবের অর্থযোগও কমে গেছে। তাই ক্লাব ফুটবলের ‘তৃতীয় শক্তি ’ থেকে হঠাৎ পরাশক্তি হয়ে ওঠা ক্লাবটি এবার মাঝারি মানের দল গড়ারই ইঙ্গিত দিচ্ছে।

অবশ্য অর্থাভাবকে মূল কারণ হিসেবে মানতে অস্বীকার করেছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান। ইতিমধ্যে ক্লাবের চেয়াম্যানের সঙ্গে কয়েকবার দেখা করেছেন অন্যান্যরা। ব্রাদার্স ম্যানেজারের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার রাতেও আরেক দফা বৈঠক হওয়ার কথা। বৈঠকটা কেন ? “তার (ক্লাব চেয়ারম্যান) দিক-নির্দেশনা অনুযায়ী দল গড়া হবে, তাই ...”– বলেছেন আমের খান।

তার মানে বৃহস্পতিবার দলের পুরো একটা চিত্র দাঁড় করানোর কথা থাকলেও তা করতে পারেননি কর্মকর্তারা। তবে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ৬ তারকা ফুটবলারের ছেড়ে যাওয়ার ঘটনা। এতদিন তারা ব্যাপারটা নিয়ে রাখঢাক করলেও অবশেষে নিশ্চিত করেছেন গোলরক্ষক তারেক, ডিফেন্ডার সুজন ও সিরাজী, মিডফিল্ডার প্রাণতোষ, এবং ফরোয়ার্ড এমিলি ও আবুল আর তাদের সঙ্গে নেই। স্বীকার করছেন, এই কজনকে নিয়ে গেছে আবাহনী। মুক্তিযোদ্ধা নিয়ে গেছে পারভেজ বাবুকে।

তাদের বাইরে জুয়েল রানা, মাসুদ রানা, শুভ্র, মনোয়ার, আলী, লিটন খান, লিটন, জাহাঙ্গীর ও তপু যে দলে থাকছেন তা নিশ্চিত করতে প্রাথমিক আনুষ্ঠানিকতাও সারা হয়েছে বলে জানালেন ব্রাদার্স ম্যানেজার, “তাদের সঙ্গে কথা হয়েছে। কিছু টাকাও দেওয়া হয়েছে।”

তবে যারা ছেড়ে গেছেন তাদের জায়গায় কারা আসবেন সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি ব্রাদার্স। আমের খানের দাবি, “বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশাকরি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে দল।” জানা গেছে, ব্রাদার্সের সঙ্গে আলোচনার তালিকায় কোনো তারকা নেই।

মোহামেডানের রিন্টু ও রনি, ফকিরেরপুল ইয়ংমেন্সের আরিফ ও সৈকত, ভিক্টোরিয়ার পোলো এবং ফরাশগঞ্জের রনিসহ আরো কয়েকজনের সঙ্গে কথা বলছেন ব্রাদার্সের কর্মকর্তারা।

আলোচনার তালিকা দেখেই স্পষ্ট, এবারের দলের সঙ্গে গত দুই মৌসুমের ব্রাদার্সের তেমন মিল থাকবে না। বলা যায়, অর্থ সংকটই কেড়ে নিচ্ছে ব্রাদার্সের জৌলুস।