২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর ওয়ানডে খেলবেন না হার্মিসন

হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষনা করে দিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিবেশিত এক বিবৃতিতে হার্মিসন জানিয়েছেন টেস্ট ক্রিকেটে বেশি মনযোগ দেওয়ার জন্যই তার এ সিদ্ধান্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এমনিতেই দিন খুব একটা ভালো যাচ্ছিল না স্টিভ হার্মিসনের। অ্যাশেজ সিরিজের প্রথম দুটো টেস্টই তার খারাপ ফর্মের সাক্ষী। ব্রিসবেনে প্রথম টেস্টে পেয়েছিলেন ১৭৭ রানে ১ উইকেট। অ্যাডিলেডে তো কোনো উইকেটই পাননি। পার্থ টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৪৮ রানে ৪ উইকেট পেয়ে, কিন্তু দ্বিতীয় ইনিংসে আবার যেন ছন্দ হারিয়ে ফেললেন, ১১৬ রান দিয়ে পেলেন মাত্র ১ টি উইকেট। তো ফর্ম এমন করুণ বলেই বোধহয় ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে নিয়ে অনুষ্ঠেয় ত্রি-দেশীয় টুর্নামেন্টে ইংল্যান্ড দলে রাখা হয়নি হার্মিসনকে।

ইংল্যান্ডের ১৬ জনের ওয়ানডে দল থেকে বাদ পড়াকে অবসর নেওয়ার কারণ হিসেবে উল্লেখ না করেই ডারহামের এই দীর্ঘদেহী বোলার জানিয়েছেন, “অনেক চিন্তা-ভাবনা করে এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে এক্ষুণি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। খুব কঠিন হলেও এ সিদ্ধান্তই আমাকে নিতে হলো, কারণ, আমি চাই দীর্ঘদিন সর্বো”্চ পর্যায়ে ইংল্যান্ডের হয়ে খেলতে।” আর সেই ভাবনা থেকেই শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৪৬টি ওয়ানডেতে ৩০.৭০ গড়ে ৬৭ টি উইকেট পেয়েছেন হার্মিসন। তার হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনের জন্য বড় এক ধাক্কা হয়েও দেখা দিতে পারে। এর আগে ইনজুরির জন্য মার্কাস ট্রেসকোথিকও সরিয়ে নিয়েছেন নিজেকে।