২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই বল নিয়ে অভিযোগ

সকালে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের উদ্বোধন হয়েছে। আর বিকেলে এবারের ঢাকার ক্রিকেটের পুরো প্যাকেজের (টুয়েন্টি-টুয়েন্টি, প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট) স্পনসর কাই-অ্যালটেক অ্যালুমিনিয়ামকে সংবাদ মাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসা সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন ঘোষণা দিলেন,“পরের ম্যাচ থেকে আমি বল পাল্টে দিচ্ছি।” কারণ, “প্রথম দিনেই আমি বল নিয়ে অনেক অভিযোগ পেয়েছি।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বরাবরই প্রিমিয়ার ক্রিকেটের বল নিয়ে অভিযোগ আসে। এবার এলো প্রথম দিনেই। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস-পারটেক্সের মধ্যকার টুয়েন্টি-টুয়েন্টির উদ্বোধনী ম্যাচের প্রথম ৯ ওভারের মধ্যে তিন তিনবার বল বদলাতে হয়েছে বলে জানালেন সিসিডিএমের সদস্য সচিব আদনান রহমান দীপন। যদিও ওই ম্যাচের ম্যাচ রেফারি বললেন অন্য কথা,‘ “না, একবার বল পাল্টাতে হয়েছে। বলের সিম নষ্ট হয়ে গিয়েছিল।” দু’জনের কথা দুরকম শোনালেও বল নিয়ে ঝামেলা হয়েছে এ কথা ঠিক। তা নাহলে প্রথম দিনের পরই বল পাল্টে দেওয়ার সিদ্ধান্ত দেবেন কেন সিসিডিএম চেয়ারম্যান?

এর আগেও বল নিয়ে ঝামেলা সামলাতে হয়েছে খন্দকার জামিলউদ্দিনকে । এবার তাই ঝামেলামুক্তির চেষ্টা করেছিলেন তিনি, “বল কেনার দায়িত্ব এবার পারচেজ কমিটিকে দিয়েছিলাম।” তবুও রেহাই পেলেন কই! বিসিবির পারচেজ কমিটি এবার বল সরবরাহের কাজ দেয় ‘হাউজদ্যাট’ নামের একটি ক্রীড়াসামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে। জামিল জানালেন, বল প্রতি বরাদ্দ আড়াই হাজার টাকা। কিন্তু ওই প্রতিষ্ঠান কতো টাকা মূল্যের বল দিয়েছে, সেটাই এখন কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা মাত্রাতিরিক্ত শক্ত বল কিছুক্ষণ খেলার পরই ফেটে যাচ্ছে বলে অভিযোগ পেয়েছেন জামিল। এমনকি কোনো কোনো ক্রিকেটারের ব্যথা পাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। আর এমন বল সরবরাহ করা প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশ ক্রিকেটের প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ।

অবশ্য তার ক্রিকেট সামগ্রী বিক্রির ব্যবসা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকেই। পাকিস্তান থেকে কারিগর এনে সাভারের এক নিভৃত জায়গায় কারখানায় ক্রিকেট সামগ্রী তৈরী এবং সেগুলো শিয়ালকোটের বলে বিক্রির কথা এদেশের ক্রিকেটাঙ্গনের অনেকেরই জানা।

হরতালের কারণে বৃহষ্পতিবার টুয়েন্টি-টুয়েন্টির ম্যাচ ‘বডিলি শিফট’ হয়ে যাচ্ছে। এদিনের ম্যাচগুলো হবে শুক্রবারে। তাই মাঝে একটা দিন সময়ের মধ্যে নতুন বল বেছে নেওয়ার কাজটা বিসিবির একাডেমির বোলিং কোচ সারোয়ার ইমরানকে দিয়েই করাতে চান জামিল। কিন্তু ইমরানও যে ‘হাউজদ্যাট’ এর অন্যতম ব্যবসায়িক অংশীদার! তা হলেও জামিল তাকে দিয়ে বল বাছানোর আগে তার ব্যবসায়িক স্বার্থ দেখার পথটাও বন্ধ করে দেবেন বলে জানালেন,“আমি তো হাউজদ্যাটের কোনো বলই রাখব না। অন্যান্য প্রতিষ্ঠানের বল এনে তাকে দেব। এরপর বলব এর থেকে সেরাটা বেছে দিন।”