মোসাব্বিরকে দিয়েই পেশাদার ফুটবলের ইতিহাস শুরু
দেশের প্রথম পেশাদার ফুটবলারের নাম মোসাব্বির আহমেদ সুমন। প্রথম পেশাদার লিগ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর থেকে পেশাদার ফুটবলের রেজিস্ট্রেশন শুরু হলেও মঙ্গলবার পর্যন্ত কোনো দলই কোনো ফুটবলারের নাম জমা দেয়নি।
বুধবার আরামবাগ ক্লাব সুমনকে এক বছরের জন্য রেজিস্ট্রেশন করিয়ে দেশের ফুটবল ইতিহাসের অংশীদারিত্ব দিয়েছে।
এই ডিফেন্ডারের আগের দল বাড্ডা জাগরনী। আরামবাগের এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করার ইচ্ছা না থাকলেও করতে হয়েছে হরতালের কারণে। ক্লাবের সাধারণ সম্পাদক মোবিনুল ইসলাম জানিয়েছেন, “ সুমনের বাড়ি চুয়াডাঙ্গায়, সে বাড়ি চলে যাবে বলেই তার রেজিস্ট্রেশন কারিয়ে ফেলা হয়েছে। অন্যদের রেজিস্ট্রেশনও আমরা সেরে ফেলব ২৫ ডিসেম্বরের মধ্যে।” ক্লাবের আগের খেলোয়াড় জুকু, আকরাম, রীতু এবং অন্যান্য ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক।
