দল গড়াসহ সবকিছুতেই সবার আগে ‘পেশাদার’ আবাহনী
১৬ বছর পর আবার আবাহনীর পেশাদারিত্বের স্বপ্ন উসকে দিয়েছে বি. লিগ।
১৯৮৯ সালে তারা একবার পেশাদার হতে চেয়েছিল আবাহনীকে লিমিটেড কোম্পানিতে রূপ দিয়ে। সেই রূপেও হয়তো রংয়ের অভাব ছিল, কিন্তু ১৬ বছর পর দেশে পেশাদার ফুটবল লিগ যেন পথ হারানো পথিককে আবার পথের দিশা খুঁজে দিয়েছে। তাই তো এত উজ্জীবিত আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান, দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কাছে, “১৬ বছর আগে আবাহনী লিমিটেড কোম্পানি হওয়ার মূলে ছিল পেশাদারিত্বের ভাবনা। প্রতি বছর দল গড়ার জন্য ভিক্ষা করতে হয়, অনুদান চাইতে হয় – এটা তো ঠিক নয়। এখন ফুটবলার বিক্রির মাধ্যমে, গেটমানি থেকে এবং অন্যান্য উপায়ে ক্লাব ভালো একটা অংক আয় করতে পারবে। তাই আজকের দিনটা খুবই আনন্দের।”
আনন্দের আরেকটা বড় কারণ হচ্ছে, প্রথম পেশাদার লিগের জন্য আবাহনীর দল গোছানো প্রায় শেষ। বুধবার তারা ক্লাব ভবনেই চুক্তিবদ্ধ ২০ জনের তালিকা প্রকাশ করেছে ঘটা করে। ফিরেছেন তাদের পুরনো তারকা সুজন, নজরুল, বিপ্লব, প্রাণতোষ ও সিরাজী, তাদের সঙ্গী হয়ে এসেছেন এমিলি, আবুল ও গোলরক্ষক তারেক। দলে আগে থেকেই যারা আছেন, তারা হলেন-অধিনায়ক জয়, প্রদীপ, ওয়ালী ফয়সাল, ওবায়দুর রহমান, রকিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহেদ পারভেজ, আব্দুল্লাহ পারভেজ, আমিনুল ইসলাম উজ্জ্বল, টিপু ও আনোয়ার।
তাদের সঙ্গে আবাহনীর চুক্তি পাকা। কিন্তু বাফুফের কাছে তাদের রেজিস্ট্রেশন ফরম জমা হয়নি বলে এখনো এ চুক্তি বৈধতা পায়নি । আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, “আমরা কিছুদিন দেখব, তারপর ২৩ জনের রেজিস্ট্রেশন ফরম জমা দেবো। কারণ, কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করানোর সুযোগ নেই।”
তাই বুধবার আয়োজিত অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছিল “প্রথম পেশাদার লিগে আবাহনী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে চুক্তিবদ্ধতার পর্দা উন্মোচন”। প্রকারান্তরে অন্যদের সতর্ক করে দেওয়াও, কেউ যেন এই ২০ জনের দিকে আর হাত না বাড়ায়।
এখনো পর্যন্ত এবারের দলবদলের বড় খবর সুজনের বেশি পারিশ্রমিক পাওয়া। ১৮ লাখ টাকা দিয়ে এই ডিফেন্ডারকে নিজেদের করে নিয়েছে আবাহনী। মাত্র একবছর খেলে ২০০৩ সালে তিনি আবাহনী ছেড়ে পড়েছিলেন ব্রাদার্সের জার্সি । সেখানে দু বছর কাটিয়ে আবার আবাহনীতে ফিরেছেন মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে, তাই দায়িত্বও তার বেশি, “আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে আবাহনীকে প্রথম পেশাদার লিগের শিরোপা উপহার দিতে।” জাতীয় দলের দু-নম্বর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের কন্ঠেও একই সুর, “আবাহনী এবার অনেক পজিটিভ। অনেক আগেই তারা খেলোয়াড়দের টাকা দিয়ে চুক্তি সেরে রেখেছে। এখন আমাদের কাজ মাঠে আবাহনীকে সেরা প্রমাণ করা।”
২০০৫ সালে প্রিমিয়ার লিগ চলার সময়ই এ বছরের দল গড়ার জন্য মাঠে নেমে পড়েছল আবাহনী। বেশ কয়েকজন খেলোয়াড়কে আগাম টাকা দিয়ে চুক্তি সেরে রেখেছিল তখনই। আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদও তাই বলেছেন, “ সবার কাছে হয়তো লুকানো ছিল, তবে অনেকদিন আগে থেকেই আবাহনী দল গড়ার কাজ শুরু করেছে। সেজন্য ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমানই উদ্যোগ নিয়েছিলেন। ”
তারুন্য ও অভিজ্ঞতার মিশেলে এক শক্তিশালী আবাহনী দলের বি. লিগ অভিষেকের অপেক্ষা সেই উদ্যোগেরই সুফল। দলটিকে সঠিকভাবে পরিচালনার জন্য সাবেক জাতীয় কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিকে আনার চেষ্টা করছে। আর্জেন্টাইন কোচের সঙ্গে চার মাস ধরে কথাবর্তা চলছে বলে দাবি করেছেন আবাহনীর ডিরেক্টর কাজী নাবিল আহমেদ। তার চূড়ান্ত সম্মতি পেলে আগামী ঈদের পর পরই আবাহনীর কোচ হিসেবে দেখা যেতে পারে ক্রুসিয়ানিকে।
তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এবারের আবাহনী অনেক পরিকল্পিত। পেশাদার লিগ বলেই যেন আগেভাগে পেশাদারীত্বের মোড়কে চলে যাচ্ছে আবাহনী।
