এশিয়াড পদক ফিরিয়ে দিতে হবে ভারতের সান্থি সৌন্দর্যনকে
ক’দিন আগেই দোহা থেকে ফিরেছেন বিজয়ীনির বেশে। তামিলনাড়ুতে জীর্ণকুটিরে শোভা পাচ্ছিল তার জীবনের অমূল্য এক অর্জন এশিয়ান গেমস পদক। ভারতের অ্যাথলেট সান্থি সৌন্দর্যন সে অর্জন আর ধরে রাখতে পারবেন না। দোহায় মহিলাদের ৮০০ মিটার দৌড়ে জেতা তার রূপার পদকটি এখন ফিরিয়ে দিতে হবে।
৯ ডিসেম্বর ৮০০ মিটার দৌাড়ে রূপা জেতার পরই ‘জেন্ডার টেস্ট’ দিতে হয়েছিল সান্থিকে। কিন্তু নারীত্বের পরীক্ষায় উৎরাতে পারেননি তামিলনাড়ুর অতি দরিদ্্র পরিবার থেকে উঠে আসা এই মাঝারিপাল্লার দৌড়বিদ। রিপোর্ট দেখে এশিয়ার অলিম্পিক কাউন্সিল (ওসিএ) তাড়াতাড়ি সান্থির পদকটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ)।
২৫ বছর বয়সী তরুনীর নারীত্ব কেন প্রশ্নবিদ্ধ হলো? বিশেষ কোনো ড্রাগ নেওয়ার পরিনাম নয়তো এটা? প্রশ্নের উত্তরে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পি এস এম চন্দ্রন যা বললেন তাতে খানিকটা সহানুভূতিই প্রকাশ পেয়েছে সান্থির প্রতি,“ এমন পরিবারের সদস্যদের অনেকের শরীরে জন্মগতভাবেই এমন কিছু দুর্ভাগ্যজনক সমস্যা থাকতে পারে।”
সান্থির পরিবার এত গরিব যে তার এশিয়ান গেমস সাফল্য দেখার জন্য পরিবারের সবাইকে জড়ো হতে হয়েছিল এক প্রতিবেশির ঘরের টিভির সামনে। গত সোমবার চেন্নাইতে আয়োজিত এক অনুষ্ঠানে সান্থির হাতে একটি রঙ্গীন টেলিভিশন আর দেড় লাখ রুপির চেক তুলে দিয়েছিল তামিলনাড়ৃ সরকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মহিদীন খান জানিয়েছেন পদক হারালেও সান্থির কাছ থেকে টিভি আর টাকা ফিরিয়ে নেওয়া হবে না, “ আমরা ওকে পুরস্কারটা দিয়েছি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। এ পুরস্কার ফিরিয়ে নেওয়া হবে না।”
সান্থি সৌন্দর্যন পদক হারানোয় এশিয়াডে মহিলাদের ৮০০ মিটারের রূপা পাবেন কাজাখস্তানের ব্রোঞ্জজয়ী ভিক্তোরিয়া ইয়ালোভৎসেভা। ব্রোঞ্জ পদক পাবেন চতুর্থ স্থানে থেকে দৌড় শেষ করা উজবেকিস্তানের জামিরা আমিরোভা।
