২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাভজনক প্যাকেজে প্রিমিয়ারের স্পনসর কাই অ্যালুমিনিয়াম

গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে বহুল আলোচিত শব্দ কোনটি? সমসাময়িক ঘটনাপ্রবাহে তীক্ষ্ন নজর রাখা ব্যক্তিমাত্রই চটজলদি উত্তরটা দিয়ে দেবেন-প্যাকেজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

 রাজনীতির গরম হাওয়াকে কিছুটা হলেও ঠান্ডা করতে পারা ‘প্যাকেজ প্রস্তাব’ এখনো আলোর মুখ দেখেনি বটে। তবে লাভজনক ‘প্যাকেজ’ অফার করে এবছর ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লীগের স্পনসরশিপ জিতে নিয়েছে কাই অ্যালুমিনিয়াম। এবং এর সঙ্গে তারা ঢুকে পড়েছে বাংলাদেশের ক্রিকেটেও। আর যেহেতু ‘প্যাকেজ’, তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগেরও টাইটেল স্পনসর তারাই। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিচ্ছে ৩০ লাখ টাকা। প্রিমিয়ারের জন্য ২০ লাখ। বাকী ১০ লাখ অন্য তিন লীগের জন্য।

সম্প্রতি রেকর্ড পরিমান টাকা গুণে ( ১কোটি ১৮ লাখ) বাংলাদেশের জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড হোম সিরিজের স্পনসরশিপ পাওয়া একটেলও একই প্যাকেজে ঘরোয়া ক্রিকেটেও থাকতে চেয়েছিল। ‘থাকা’ বলা হচ্ছে এজন্যই যে, প্রিমিয়ার ক্রিকেটের সর্বশেষ আসরেও স্পনসর ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই মুঠোফোন সংস্থাটিই। যদিও সেবার লিগের প্রায় মাঝপথে তাদের ধরে-বেঁধে আনতে হয়েছিল। ১৮ লাখ টাকা দিয়েছিল তারা। এবার তারা প্যাকেজমূল্য দিতে চেয়েছিল ৩৫ লাখ টাকা। কিন্তু সেটা দুই বছরের জন্য। তাই কাই অ্যালুমিনিয়ামকে বেছে নেয়াটা বিসিবির পক্ষে সহজ হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন,‘ যেটা লাভজনক, আমরা সেটাই করেছি। একটেল দুই বছরে দিতে চেয়েছিল ৩৫ লাখ। আর কাই এক বছরেই দিচ্ছে ৩০ লাখ। তুলনা করতে গেলে কাইয়ের প্রস্তাবটা যে কতোটা লাভজনক, তা খোলা চোখেই ধরা পড়ছে। সুতরাং সিদ্ধান্ত নিতে সুবিধাই হয়েছে আমাদের। তাছাড়া ক্রিকেটে নতুন একটা স্পনসর আসলো। এটাও একটা ভালো দিক।’