ইউরোপ-সেরার পর কানাভারো এখন ফিফার বর্ষসেরা ফুটবলার
যার হাতেই পুরস্কারটি সবচেয়ে ভাল মানায় ঠিক তার হাতেই উঠেছে ফুটবলের মহামূল্য পুরস্কারটি। তিনি ফ্যাবিও কানাভারোর , ইতালিকে বিশ্বকাপ উপহার দেয়া এ ডিফেন্ডার ফুটবল মাঠে দারুন সফল একটি বছর শেষ করে ‘ফিফা বর্ষসেরা ফুটবলার’-র স্বীকৃতি পেয়েছেন।
কেবল গত মাসেই জিতেছেন ইউরোপীয়ান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার। তারপর ফিফার মূল্যায়নেও বর্ষসেরা। জুরিখ অপেরা হাউসে এই ঘোষানা শুনে অভিভূত ৩৩ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডারের তাৎক্ষণিক অভিব্যাক্তি, “ এটা একটা অবিশ্বাস্য মুহুর্ত। এটা সত্যিই দুর্দান্ত একটি বছর।” এ পুরস্কারের দৌড়ে ছিলেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো এবং তিন-তিনবার এ পুরস্কার জয়ী ফ্রেঞ্চ গ্রেট জিনেদিন জিদান। জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচের ভোটে দুই তারকাকে পেছনে ফেলে কানাভারোর হাতে উঠেছে এই পুরস্কার। “মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা ছিল এটা এবং খুব শক্তিশালীও”– জেতার পর বলেছেন ইতালির অধিনায়ক।
সাধারণত ফরোর্ডের খেলোয়াড়রাই জেতেন ফিফার এই পুরস্কার। ডিফেন্ডারদের পক্ষে এই স্কীকৃতি পাওয়াটা খুব কঠিন। কারণ তারা ভাল খেললেও তাদের খেলাটা চোখে পড়ে খুব কম, সাধারণত মাঝমাঠে যারা দৃষ্টিনন্দন ফুটবল খেলেন কিংবা যারা গোল করেন ফুটবল প্রেমীরা তাদেরই পূজারী । এ পর্যন্ত মাত্র তিন জন এই পুরস্কার জিতেছেন যারা ফরোয়ার্ডের খেলোয়ার ছিলেন না । তারা হলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের গোলরক্ষক লেভ ইয়াসিন (১৯৬৩), জার্মানির সুইপার ব্যাক বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬) এবং জার্মানির লিবেরো ম্যাথিয়াস সামার (১৯৯৬)। তাদের সঙ্গে নতুন করে যোগ হয়েছে কানাভারোর নামটি, তবে নিজের অবস্থানে থেকে তিনিও বুঝেছেন ব্যাপারটা কত কঠিন, “ রোনালদিনহো ও জিদানের পাশে বসার জন্য একজন ডিফেন্ডারকে সারা বছরই চমৎকার খেলে যেতে হয়–এটা সচরাচর হয় না। তাই এটাকে আমি বিজয় হিসেবেই দেখছি।”
বিশ্বকাপ জেতার পর ইতালির বাইরে তার নতুন ঠিকানা হয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন রিয়ালের জিদান অবসরে, কিন্তু তার ৫ নম্বর জার্সিটাই দেওয়া হয়েছিল কানাভারোকে। আর এটাকে তিনি দারুন সম্মান বলেই ভাবেন।
নতুন ক্লাব রিয়ালে চমৎকার খেললেও তার এই পুরস্কারের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে বিশ্বকাপ জয়। যখন ম্যাচ পাতানো কেলেংকারীতে গোটা ইতালিতে ঝড়, জেলে পাঠানোর হুমকি তখনই কানাভারোর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ইতালি। তাই তার ইচ্ছা, “ইতালিয়ান ফুটবলের জন্য এই পুরস্কারটা উৎসর্গ করতে চাই আমি। সবাই সমস্যার কথা জানে যার মুখোমুখি হতে হয়েছিল আমাদের বিশ্বকাপের আগে। আমি আশাকরি, এই পুরস্কার ইতালিয়ান ফুটবলকে পূর্নজন্ম দেবে।”
রোনালদিনহো ব্যর্থ হলেও মেয়েদের ফুটবলে ফিফা বর্ষসেরা হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্তা।
