২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি বিশ্বকাপ-প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের

একটি নয় আর। অচিরেই ক্রিকেটের বিশ্বকাপ দুটো হয়ে যাচ্ছে। ১৯৭৫ থেকে শুরু হওয়া একদিনের ম্যাচের বিশ্বকাপটা অপরিবর্তিতই থাকছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে এর নবম আসর বসছে ওয়েস্ট ইন্ডিজে। যার জন্য অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল বাংলাদেশ। তবে বুধবার থেকে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগের মাধ্যমে বাংলাদেশের আরেকটি বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সেটা ২০০৭-এর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় প্রথম টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য।

বাংলাদেশে এধরনের ক্রিকেট যে আগে হয়নি, তা নয়। ২০০৪-এ কর্পোরেট ক্রিকেট লিগ দিয়েই এদেশের ক্রীড়ামোদীদের সঙ্গে পরিচয় হয়েছিল এধরনের ক্রিকেটের। প্রথমে সাড়া জাগাবে মনে করে কর্তারা এটা চালু করলেও ফ্লপ মেরেছিল শেষপর্যন্ত। তারপরও যে এবার আবার টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট চালুর কথা গভীরভাবে ভাবতে হয়েছে, তার কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যবাধকতা। তারা এধরনের ক্রিকেটের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সদস্য দেশগুলোতে এর চর্চা থাকবে না, তা কি করে হয়! এবং অবশ্যই বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার আদেশই শিরোধার্য হওয়াই উচিত। তাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটসূচীতে অন্তর্ভূক্ত টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট। প্রিমিয়ার ক্রিকেটের ১২ টি দলই দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই প্রতিযোগিতায়। এবং এর পুরোটাতেই জাতীয় দলের ক্রিকেটারদেরও পাচ্ছে ক্লাবগুলো।

নিজেদের ইতিহাসের প্রথম টুয়েন্টি-টুয়েন্টি আর্ন্তজাতিক ম্যাচটা অবশ্য বাংলাদেশ এই কিছুদিন আগেই খেলে ফেলেছে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল সম্প্রতি ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরে যাওয়া জিম্বাবুয়ে। প্রত্যেক হোম-সিরিজে কমপক্ষে একটা করে টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ খেলতে হবে, আইসিসির তরফ থেকে এরকম শর্তারোপ করা আছে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচের জন্য তড়িঘড়ি একটা দল গড়ে দিতে হয়েছিল নির্বাচকদের। তবে ঘরোয়া ক্রিকেটে এই আয়োজনের ফলে এখন থেকে তেমন দল গড়তে গিয়ে নির্বাচকরা এধরনের ম্যাচ উপযোগী অনেক পরীক্ষিত পারফরমারের খোঁজ পাবেন বলেই আশা করা যাচ্ছে। আর বাংলাদেশের প্রথম টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচের অধিনায়ক শাহরিয়ার নাফীসও এটাকে আরেকটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখতে শুরু করেছেন,‘আমি যতদূর জানি, টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি দিন বাকি নেই ( আগামী সেপ্টেম্বরে হবে। নয় মাস বাকি আছে)। তাই এরজন্য এখন থেকেই আমাদের প্রস্তুত হওয়া দরকার। আমার মনে হয়, প্রিমিয়ারের আগের এই টুর্নামেন্ট দিয়েই আমাদের সেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।’

প্রিমিয়ারের ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিদিন ছয়টি করে খেলা হবে। উদ্বোধনী দিনে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস মুখোমুখি হবে নবাগত পারটেক্সের। আর রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্সের প্রতিপক্ষ ইয়াং পেগাসাস। অন্য ম্যাচগুলো ভিক্টোরিয়া-কলাবাগান, বিমান-সিটি ক্লাব, মোহামেডান-ইন্দিরা রোড এবং ব্রাদার্স-আবাহনীর। ২৫ ডিসেম্বর গ্রুপ পর্বের খেলাশেষে ২৭ তারিখে দুটো সেমিফাইনাল। সেগুলোসহ ২৯ ডিসেম্বরের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ঢাকার ঘরোয়া ক্রিকেট শুরুর এই প্রতিযোগীতা দিয়ে বাংলাদেশের আরেকটি বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হয়ে যাবে।